বোয়ালখালীতে সেতু ভাঙতে গিয়ে গার্ডার ধস, শ্রমিক নিখোঁজ
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পুরোনো সেতু ভাঙার সময় এর গার্ডার খালে ধসে পড়ার ঘটনায় এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। গত রোববার সন্ধ্যায় বোয়ালখালীর শাকপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আবুল হাশেমসহ (২৭) নয় শ্রমিক খালে পড়ে যান। তাঁদের মধ্যে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত হাশেমের খোঁজ মেলেনি।
নিখোঁজ আবুল হাশেমের বাড়ি নওগাঁ জেলায়। তাঁর খোঁজে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল খাল এবং খালসংলগ্ন নদীতে উদ্ধার অভিযান চালায়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শ্রমিক নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিস আগামীকাল (আজ) আবার উদ্ধার অভিযান চালাবে।
চার মাস ধরে বোয়ালখালীর পুরোনো মিলিটারি সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেজবাহ অ্যাসোসিয়েশন।
জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রকল্প কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গার্ডার ধসে এক শ্রমিক নিখোঁজ
ও তিনজন আহত হয়েছেন। আহত শ্রমিকেরা বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।