কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় দ্বিমুখী সেতুর দাবিতে গতকাল শনিবার সকালে এক মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকার বাসিন্দারা। বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার নাগরিকেরাও সংহতি জানিয়েছেন।
সমাবেশে বোয়ালখালী-কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে সেতু বাস্তবায়ন পরিষদ।
সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আবদুল মোমিনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন সদস্যসচিব সাংবাদিক রমেন দাশগুপ্ত।
যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুস্তফা নঈমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, বোধনের সভাপতি আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, রাজনীতিবিদ সৈয়দ নুরুল হুদা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অধ্যাপক দবির উদ্দিন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আক্তার, অধ্যাপক কানাই লাল দাশ, শিশুসংগঠক অমল কান্তি নাথ, খেলাঘর সংগঠক রূপক চৌধুরী, মোহাম্মদ আশরাফ খান, শিশুসংগঠক আবুল ফজল প্রমুখ।