বৌদ্ধপল্লিতে হামলার বার্ষিকীতে রামুতে বিভিন্ন কর্মসূচি
কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার চার বছর উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে শ্রীকুল লালচিং ও মৈত্রী কমপ্লেক্স চত্বরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সংঘদান ও অষ্ট উপকরণ দানসভা, অতিথি ভোজন, মৈত্রী শোভাযাত্রা, ধর্মসভা ও বিশ্বশান্তি কামনায় হাজার প্রদীপ প্রজ্বালন, সমবেত প্রার্থনা ও স্মরণানুষ্ঠান।
স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমাবিহারের অধ্যক্ষ উপসংঘরাজ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনবোধী মহাথের।
বৌদ্ধধর্মাবলম্বী এক তরুণের ফেসবুক পেজে পবিত্র কোরআন শরিফের অবমাননাকর ছবি ব্যবহার করা হয়েছে—এ অভিযোগে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে একদল লোক হামলা চালিয়ে ধ্বংস করে রামুর ১২টি বৌদ্ধবিহার ও ৩৪ বসতি। পরদিন অগ্নিসংযোগ করা হয় উখিয়া ও টেকনাফের আরও সাতটি বৌদ্ধবিহার ও হিন্দুমন্দিরে। এ ঘটনায় ১৯টি মামলা করা হয়।
কক্সবাজার আদালতের পুলিশ পরিদর্শক রণজিৎ কুমার পালিত বলেন, ১৯টি মামলার মধ্যে সুধাংশু বড়ুয়া নামের এক ব্যক্তির করা একটি মামলা আপসের মাধ্যমে মীমাংসা করা হয়েছে।
রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া বলেন, ‘হামলার এক বছরের মাথায় আমরা নতুন বৌদ্ধবিহার পেয়েছি। বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তাও দেওয়া হচ্ছে। এ জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। কিন্তু হামলার ঘটনায় যারা জড়িত ছিল, তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে।’