বৌদ্ধপল্লির নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মরণসভা, শান্তি শোভাযাত্রা, মঙ্গলপ্রদীপ প্রজ্বালনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার কক্সবাজারের রামুর বৌদ্ধপল্লিতে হামলার তিন বছর পূর্তি পালিত হয়েছে। রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদ এসব কর্মসূচির আয়োজন করে।
সকালে বিহারে বুদ্ধপূজা, মহা সংঘদান ও অতিথি ভোজনের আয়োজন করা হয়। এরপর বিকেলে শান্তি শোভাযাত্রা বের করা হয়। সন্ধ্যায় শুরু হয় স্মরণসভা।
রামু লালচিং বৌদ্ধবিহার প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি বলেন, তিন বছর আগে এই দিনে (২০১২ সালের ২৯ সেপ্টেম্বর) দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও হামলা করে রামুর প্রাচীন বৌদ্ধবিহারগুলো ধ্বংস করেছিল। হামলার পর সরকার এখানকার বৌদ্ধসম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করলেও মূল হামলাকারীরা আজও ধরাছোঁয়ার বাইরে থাকায় তাঁরা উদ্বিগ্ন। বৌদ্ধপল্লির নিরাপত্তা ও বৌদ্ধবিহারের সুরক্ষার জন্যই হামলাকারীদের শাস্তি দেওয়া জরুরি।
সুলতানা কামাল বলেন, ‘ভিনদেশি বর্গি, হানাদার কিংবা বাইরের কেউ এই সহিংসতা ঘটায়নি। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা আমাদের কাছের মানুষ। যাদের আপনজন ও প্রতিবেশী বলে ভাবতাম, তারাই এই ঘটনা ঘটিয়েছে। তাই হামলাকারীদের চিহ্নিত করা জরুরি। নইলে বিচার-প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে।’
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ সত্যপ্রিয় মহাথের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক নিনা গোস্বামী, অধ্যাপক অরবিন্দু বড়ুয়া, কক্সবাজার হিউম্যান রাইটস ডিপেনডিং ফোরামের সভাপতি অরুপ বড়ুয়া, সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া, পরিষদের যুগ্ম আহ্বায়ক বিপুল বড়ুয়া প্রমুখ।
স্মরণসভা শেষে রাতে হাজারো মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করা হয়। এরপর বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পটিয়ায় প্রদীপ প্রজ্বালন: পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, হামলার তিন বছর পূর্তিতে গতকাল সন্ধ্যায় পটিয়ায় প্রদীপ প্রজ্বালন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে রামুর মতো চট্টগ্রামের পটিয়ায় আক্রান্ত হয়েছিল বৌদ্ধ সম্প্রদায়।
পটিয়া সম্মিলিত বৌদ্ধ সমাজ ও কেন্দ্রীয় বৌদ্ধবিহার সন্ধ্যায় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে। এতে অংশ নেয় নানা শ্রেণিপেশার মানুষ। হাতে ছিল মঙ্গলপ্রদীপ।
পাঁচুরিয়া গন্ধ কুঁটি বিহারের অধ্যক্ষ বৌধি মিত্র মহাস্থবিরের সভাপতিত্বে ও পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ সংঘ প্রিয় থেরোর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামশুদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, পটিয়া থিয়েটারের সভাপতি মোহাম্মদ সৈয়দ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) স্থানীয় নেতা শ্যামল দে প্রমুখ। বক্তারা পটিয়া, রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধবিহার ও বসতবাড়িতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শান্তি দাবি করেন।