বৌভাতের খাদ্যে বিষক্রিয়া বর-কনেসহ অসুস্থ ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে বৌভাতে খাদ্যে বিষক্রিয়ায় বর-কনেসহ ১২ জন অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেছেন। তাঁদের দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের লাইকের ছড়া গ্রামে হাসেম আলীর বৌভাতের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বর হাসেম আলী, অতিথি খলিল ইসলাম ও আল আমিন শনিবার রাত নয়টার দিকে বলেন, বেলা দুইটা থেকে তিনটার মধ্যে তাঁরা শরবতসহ দুপুরের খাবার খান। বিকেল পাঁচটার পর থেকে অনেকের মাথা ঘোরা শুরু হয়। একপর্যায়ে দুপুরের খাবার খাওয়া অতিথিদের মধ্যে ১২ জন সংজ্ঞা হারিয়ে ফেলেন। পরে পরিবারের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাজু (২৭), আ. রশীদ (২২) এবং সাবের আলী (২৫) নামের আরও তিনজন অনেকটা সংজ্ঞাহীন অবস্থায় হাত-পা ছোড়াছুড়ি করছেন।

চিকিৎসক রাজিউল ইসলাম বলেন, রোগীদের লক্ষণ দেখে মনে হচ্ছে, ধুতরা বা গাঁজা থেকে তৈরি কোনো উপাদান খাবারের সঙ্গে মেশানো হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।