বেড়া ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মিত হয়নি এক বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় গত বছর মাত্র এক মাসের মধ্যে চারবার আগুন দেয় দুর্বৃত্তরা। পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরপরই চাঁদপাই ও শরণখোলা রেঞ্জের বন-সংলগ্ন লোকালয়ে কাঁটাতারের বেড়া ও পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন। কিন্তু এখনো তা বাস্তবায়িত হয়নি। এই অবস্থায় বনে আবারও দুর্বৃত্তদের অগ্নিসংযোগের আশঙ্কা করা হচ্ছে।
সুন্দরবনের পূর্ব বিভাগ ও বনজীবী সূত্রে জানা গেছে, ২৫-৩০ বছর আগে শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বন-সংলগ্ন লোকালয়ের পাশ দিয়ে প্রবাহিত ভোলা নদ ও শাখা খালগুলো ভরাট হয়। এতে সুন্দরবন অংশে পলি জমে উঁচু হয়। এ কারণে চাঁদপাই ও শরণখোলা রেঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বন মরে সুন্দরবনের ভেতরে ছোট-বড় ২৩টি বিলের সৃষ্টি হয়। এরপর থেকে সব বিল মিঠা পানির মাছের ভান্ডারে পরিণত হয়। কিন্তু সুন্দরবনের বিলে বৈধভাবে মিঠা পানির মাছ চাষ করে তা আহরণের কোনো সুযোগ নেই। এ কারণে প্রভাবশালী পাঁচ-ছয়টি দল সুন্দরবনের অসাধু কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে এসব বিল অবৈধ উপায়ে দখলে নিয়ে কই, শিং, মাগুরসহ নানা জাতের মিঠা পানির মাছ চাষ ও আহরণ করে। শুষ্ক মৌসুমে এসব বিল ও জাল পাতার স্থান পরিষ্কার করতে তাই পরিকল্পিতভাবে সুন্দরবনে আগুন দেওয়া হয়।
গত বছরের ২৭ মার্চ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনভুক্ত নাংলীর পচাকোড়ালিয়া, টেংরা ও তুলাতলা বিলের মিঠা পানির মাছ আহরণ ও জাল পাতার স্থানগুলো পরিষ্কার করতে দুর্বৃত্তরা গহিন বনে চার দফায় পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে। এরপর পরিবেশ ও বনমন্ত্রী এবং তৎকালীন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা বন রক্ষার জন্য কিছু প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। নির্দেশিত প্রকল্পের মধ্যে ছিল চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারীর লোকালয় থেকে কাটাকালী-বরুইতলা-জিউধরা-আমুরবুনিয়া-গুলিশাখালী-কলমতেজী এবং ধানসাগর স্টেশন থেকে নাংলী টহল ফাঁড়ি পর্যন্ত ওয়াচ টাওয়ারসহ কাঁটাতারের বেড়া নির্মাণ। ২৩টি বিলের প্রতিটিতে এক বা একাধিক পুকুর খনন করা। পরে এসব পুকুরের মাটি দিয়ে অবশিষ্ট বিল ভরাট করে সেখানে ম্যানগ্রোভ বনায়ন করা। যাতে সুন্দরবনে বিলের অস্তিত্ব বিলুপ্ত হয় এবং অবৈধ উপায়ে মিঠা পানির মাছ চাষ বন্ধ হয়। পাশাপাশি বাঘ-হরিণসহ বন্য প্রাণীর পানির চাহিদাও পূরণ হয়। কিন্তু এক বছর পার হলেও কোনো প্রকল্পের কাজ শুরুই হয়নি।
সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সাইদুল ইসলাম বলেন, ‘আগুন, দস্যুতা ঠেকাতে আমরা বেশ কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। সেগুলো এখনো অনুমোদিত হয়নি। আশা করছি, খুব শিগগির অনুমোদন পাওয়া যাবে। তবে আগুন, দস্যুতা ঠেকাতে ইতিমধ্যে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। বিলসংলগ্ন খালগুলো খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে। এখন আর বিলে পানি জমতে পারছে না। বনে প্রবেশ আমরা সীমাবদ্ধ করে দিয়েছি। তা ছাড়া বন-সংশ্লিষ্ট লোকালয়ের জনগণকে আমরা নানাভাবে সচেতন করার পদক্ষেপ নিয়েছি। আর এসব অঞ্চলে আমাদের নিয়মিত টহল চলছে।’
বেসরকারি সংস্থা সেভ দ্য সুন্দরবনের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, সুন্দরবনে বড় কোনো দুর্ঘটনা ঘটলে অনেক কিছু করার কথা বলা হয়। কিন্তু সেগুলো বাস্তবায়নে সরকারের আন্তরিকতা জরুরি। যেকোনো মূল্যে সুন্দরবন রক্ষা করতে হবে। এ বন সুরক্ষিত করা না গেলে গতবারের মতো অগ্নিকাণ্ডের ঘটনা আবারও ঘটতে পারে।