বেড়া-সাঁথিয়ার সব তাঁত বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার তাঁতসমৃদ্ধ ছেঁচানিয়া মধ্যপাড়া গ্রামে বছর খানেক আগে চালু ছিল দেড় হাজারেরও বেশি তাঁত। গ্রামে ঢুকলে সে সময় তাঁতের শব্দে কানে প্রায় তালা লেগে যেত। অথচ এখন এ গ্রামে প্রায় সুনসান নীরবতা। আগের মতো শোনা যায় না তাঁত বোনার সেই শব্দ। কারণ গ্রামের প্রায় সব তাঁত বন্ধ হয়ে গেছে।ওই গ্রামের একটি তাঁত কারখানার মালিক সুমন প্রামাণিক বলেন, তাঁতিপাড়ায় এখন তাঁতিদের দীর্ঘশ্বাসের শব্দ। এখন ৩০ থেকে ৪০টি তাঁত কোনোরকমে চালু আছে। দুই-এক সপ্তাহের মধ্যে সেগুলোও বন্ধ হয়ে যাবে। বেড়া ও সাঁথিয়া উপজেলার তাঁতসমৃদ্ধ সব এলাকার অবস্থা এখন ছেঁচানিয়া মধ্যপাড়া গ্রামেরই মতো। এক বছর আগেও দুই উপজেলায় চালু ছিল প্রায় ২০ হাজার তাঁত। সুতাসহ তাঁতসামগ্রীর অব্যাহত মূল্যবৃদ্ধিতে এসব তাঁতের বেশির ভাগই বন্ধ হয়ে গেছে বলে তাঁতিরা জানিয়েছেন। বেড়ার হাতিগাড়া, হাটুরিয়া, পেঁচাকোলা এবং সাঁথিয়ার করমজা, ছেঁচানিয়াসহ তাঁতসমৃদ্ধ কয়েকটি গ্রাম ঘুরে তাঁতশিল্পের ভয়াবহ বিপর্যয় লক্ষ করা গেছে। এসব গ্রামের নব্বই ভাগেরও বেশি তাঁত গত এক বছরে বন্ধ হয়ে গেছে। তাঁতিপাড়ার ছোটবড় তাঁত কারখানা ও তাঁতঘরগুলো তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া মধ্যপাড়া গ্রামের সুলতান হোসেনের তাঁতঘরে গিয়ে দেখা যায়, ঘরের এক কোণে দুটি তাঁত পড়ে আছে। বন্ধ থাকায় সেগুলোতে জমেছে পুরু ধুলোর স্তর। সুলতান জানান, গত বছরেও এই ঘরে নয়টি তাঁত চালু ছিল। তাঁতগুলো চালু রাখতে গিয়ে এ পর্যন্ত লোকসান গুণতে হয়েছে দুই লাখ টাকা। মহাজনের ঋণের টাকা শোধ করতে বাধ্য হয়ে নয়টি তাঁতের সাতটি তিনি ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছেন। এখন তিনি একটি মুরগির খামারে শ্রমিকের কাজ করেন। সুলতান বলেন, ‘সাতটা তাঁত বেচবার পারলিউ বাকি দুইড্যা আর বেচবার পারতাছি না। আর কিনবিই বা কিডা। সগলেই তো তাঁত বেচার জন্যে উঠ্যা পড়্যা লাগিছে।’গ্রামের আরেক তাঁতি আনিসুর রহমান বলেন, ‘তাঁত আমাগরে টাকাপয়সা, সুখ সবই দিছিল। আবার সেই তাঁতই এখন আমাগরে পথের ফকির বানায়া দিছে। প্রত্যেক তাঁতির মাথায় লাখ টাকার ওপর ঋণের বোঝা। দেনার ভয়ে তাঁতিরা পালায়া ফিরত্যাছে। ম্যালা তাঁতমালিক এখন অন্যের বাড়িতে কামলা-শ্রমিকের কাম করতাছে।’জানা গেছে, গত বছরের তুলনায় সুতার দাম এখন দ্বিগুণেরও বেশি। কিন্তু সেই তুলনায় বাড়েনি কাপড়ের দাম। ফলে তাঁতিদের গুণতে হচ্ছে লোকসান। সর্বস্বান্ত হয়ে তাঁতিরা বাধ্য হচ্ছেন তাঁত বন্ধ করে দিতে। তাঁতশিল্পের বর্তমান শোচনীয় অবস্থা সম্পর্কে বলছিলেন বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার তাঁত কারখানার মালিক গিয়াস উদ্দিন। তিনি জানান, গত বছর যে সুতার দাম প্রতি গাঁট এক হাজার টাকা ছিল, এখন সে সুতার দাম দুই হাজার ৩০০ টাকা। অথচ কাপড়ের দাম সে হারে বাড়েনি। এক থান (চারটি) লুঙ্গির দাম গত বছর ছিল ৬৬০ টাকা (মাঝারি মানের)। আর এখন সেই লুঙ্গির দাম ৮৫০ টাকা। অথচ সুতার দাম অনুযায়ী বর্তমানে একথান লুঙ্গির উৎপাদন খরচ ৯৫০ টাকারও বেশি। অর্থাৎ প্রতি থান লুঙ্গিতে তাঁতিদের এখন ১০০ টাকারও বেশি লোকসান গুণতে হচ্ছে।গিয়াস উদ্দিন আরও জানান, গত ঈদুল আজহার পর থেকে তাঁত বন্ধ হওয়ার হিড়িক পড়ে। তাঁতিরা ভেবেছিলেন, ঈদের কারণে সুতার দাম বেড়েছে, ঈদ পার হলেই দাম কমবে। এ জন্য অনেক তাঁতি লোকসান জেনেও ঈদের বাজারের জন্য কাপড় উৎপাদন করেছিল। কিন্তু ঈদের পর দাম না কমে গাঁটপ্রতি আরও ১০০ টাকা বেড়েছে। তিনি বলেন, ‘আমার কারখানায় ৫০টি তাঁত চালু ছিল। ঈদের পর একে একে সব তাঁতই বন্ধ করতে বাধ্য হইছি। শুধু আমি না, আমার মহল্লায় প্রায় ৫০০ তাঁত চালু ছিল। সে সবের প্রায় সবই এখন বন্ধ।’