দেশের বেশির ভাগ এলাকায় দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে তেমন উৎসাহ-উদ্দীপনা না থাকলেও পাবনা-১ আসনের (সাঁথিয়া ও বেড়ার একাংশ) চিত্র ভিন্ন। এখানে নির্বাচনী লড়াই জমে উঠেছে আওয়ামী লীগের দুই নেতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদের মধ্যে। মাইকিং, পথসভা ও জনসভা করে প্রচার চালাচ্ছেন তাঁরা।
এই দুই প্রার্থীর নির্বাচন নিয়ে বেড়া ও সাঁথিয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখন দুই ভাগে বিভক্ত। দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে নির্বাচনী মাঠ গরম হয়ে উঠেছে। সাধারণ ভোটারদের মধ্যেও এ নির্বাচন নিয়ে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা।
জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, পাবনা-১ আসনে প্রার্থী চারজন। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে শামসুল হক নৌকা ও সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে তালা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অপর দুজন হলেন ওয়ার্কার্স পার্টির নজরুল ইসলাম ও জাতীয় পার্টির আরাফাত ইয়াছিন।
জানা যায়, সাইয়িদ ও শামসুল দুজনের বাড়িই বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লায়। তাঁদের নেতৃত্বের দ্বন্দ্ব দীর্ঘদিনের। সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এ আসনে ১৯৭০, ১৯৭৩ ও ১৯৯৬ সালে সাংসদ নির্বাচিত হন। ১৯৯৬ সালে তিনি তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তাঁকে বাদ দিয়ে পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হককে প্রার্থী করা হয়। ওই নির্বাচনে জয়ী হয়ে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। সাইয়িদের সমর্থকেরা ভেবেছিলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে সাইয়িদ আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। কিন্তু এবারও শামসুল হক দলীয় মনোনয়ন পেয়েছেন।
সাইয়িদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক। আর শামসুল হকের পক্ষে কাজ করছেন সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বেশ কয়েকজন নেতা।
সরেজমিনে দেখা যায়, নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে দুই প্রার্থীর পক্ষে পোস্টার ঝোলানো হয়েছে এবং ভোট চেয়ে মাইকিং করা হচ্ছে। দুই প্রার্থী প্রতিদিনই একাধিক জনসভা ও পথসভায় বক্তৃতা করছেন। বিভিন্ন এলাকার চায়ের দোকান, হোটেল-রেস্তোরাঁয় চলছে দুই প্রার্থীকে নিয়ে নানা আলোচনা।
বেড়া বাজারের হোটেল ব্যবসায়ী এনামুল হক বলেন, ‘অন্য এলাকায় কি হচ্ছে জানি না। তবে আমাদের এলাকায় নির্বাচন জমে উঠেছে। আমার হোটেল ও পাশের চায়ের দোকানে নির্বাচন নিয়ে লোকজন যেভাবে মেতে থাকছে, তাতে মনে হচ্ছে ভোটকেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিত হবে।’
শামসুল হক বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থী স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি। দলমত-নির্বিশেষে সবাই নৌকার পক্ষে কাজ করছেন। কাজেই নৌকার বিজয় সুনিশ্চিত।’
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘এ এলাকার মানুষের প্রতি আমার দায় আছে। এ কারণেই আমি প্রার্থী হয়েছি। বেড়া-সাঁথিয়ার আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন আমার হাতে গড়া, তেমনি নৌকার ভোটও আমার হাতে গড়া। কাজেই আমি কমপক্ষে ৭০ ভাগ ভোট পাব।’