সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বেড়াতে এসে পরিবারসহ দুই সরকারি কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ঘুরতে গিয়ে তাঁরা ওই ঘটনার শিকার হন।জানা গেছে, শনিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা সৌরেন্দ্র নাথ সাহা এবং ফরিদপুর জেলার সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনোজ কুমার সাহা পরিবার নিয়ে সিলেটে বেড়াতে এসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার দেখতে যান। তাঁদের ব্যবহূত মাইক্রোবাসটি রাস্তার পাশে রেখে শহীদ মিনারে পৌঁছামাত্র চার-পাঁচজন যুবক রামদা নিয়ে ভয় দেখিয়ে তাঁদের কাছ থেকে ১২ হাজার টাকা, স্বর্ণের চেইন, মুঠোফোন, ডিজিটাল ক্যামেরা, মুভি ক্যামেরাসহ বেশ কয়েকটি ব্যাগ ছিনিয়ে নেয়।বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রি শেখর রায় বলেন, ওই দুই কর্মকর্তা আমার বন্ধু। রাতে আমার বাসায় আসার আগে তাঁরা শহীদ মিনার দেখতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি জানান, ছিনতাইকারীরা ছিনতাইয়ের পর বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের গ্রামের দিক দিয়ে পালিয়ে গেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। প্রসঙ্গত, শহীদ মিনারের দিকে বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে কোনো সীমানাপ্রাচীর না থাকায় প্রায়ই বেড়াতে আসা লোকজন ছিনতাইকারীদের কবলে পড়েন।