বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল স্কুলছাত্র
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঈদে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরেছে নবম শ্রেণির এক ছাত্র। গত শনিবার রাত সাড়ে নয়টায় উপজেলার লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
ওই ছাত্রের নাম আরাফাত হোসেন (১৬)। সে শহরের ইয়াজ উদ্দিন আহম্মেদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল।
পুলিশ জানায়, আরাফাত হোসেন গত বৃহস্পতিবার সকাল নয়টায় এলাকার বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে বের হয়। ভ্রমণের মাঝপথে তারা পানিতে গোসল করতে নামে। এ সময় আরাফাত নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শনিবার রাতে লতব্দী ইউনিয়নের দোসরপাড়া এলাকায় খাল থেকে আরাফাতের লাশ উদ্ধার করে পুলিশ। আরাফাত সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের বাগবাড়ীর প্রবাসী নাছির মিয়ার ছেলে।
সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন বলেন, লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে আরাফাতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।