বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই বন্ধু
কাপ্তাইয়ে বেড়াতে এসে গতকাল বুধবার কর্ণফুলী নদীতে ডুবে চট্টগ্রামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ওসমান গনি (১৮) ও জিয়া মাইনুদ্দিন (১৮)। তাঁদের দুজনের বাড়িই চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন এলাকায়।ওসমান চট্টগ্রাম কমার্স কলেজের প্রথম বর্ষ আর মাইনুদ্দিন চট্টগ্রাম হাজেরা তুজ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।প্রত্যক্ষদর্শীরা বলেন, চট্টগ্রাম থেকে ১০-১২ জনের একটি দল বাসে চড়ে গতকাল কাপ্তাইয়ে বেড়াতে আসে। প্রথমে তারা কাপ্তাই বিদ্যুৎকেন্দ্র দেখতে চেয়েছিল। কিন্তু অনুমতি না পেয়ে তারা সেখান থেকে যায় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনি-সংলগ্ন কর্ণফুলী নদীতে। সেখানে গোসল করার সময় বেলা একটার দিকে ওসমান পানিতে তলিয়ে যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন মাইনুদ্দিন। কিন্তু পরে দুজনের আর কেউই পানি থেকে উঠতে পারেননি। এ সময় তাঁদের অন্য বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে উদ্ধার-তৎপরতা চালায়। পাশাপাশি জেলেরাও জাল দিয়ে উদ্ধার অভিযানে নামেন। কিন্তু প্রচণ্ড স্রোতের কারণে তারা দুই বন্ধুর কাউকেই আর উদ্ধার করতে পারেনি। সংবাদ পেয়ে বেলা সোয়া দুইটার দিকে কাপ্তাই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আসে কাপ্তাই নৌবাহিনীর ডুবুরির দল।কাপ্তাই দমকল বাহিনীর কর্মকর্তা পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, তাঁরা ও নৌবাহিনীর ডুবুরি দল যৌথ প্রচেষ্টা চালিয়ে বিকেল পাঁচটার দিকে দুই বন্ধুকে উদ্ধার করে।ওসমান গনি ও জিয়া মাইনুদ্দিনের সঙ্গে কাল বেড়াতে এসেছিল চট্টগ্রাম কমার্স কলেজ প্রথম বর্ষের ছাত্র মুজাহের আলম সৈকত ও চট্টগ্রাম বিএম কলেজের প্রথম বর্ষের ছাত্র শামীম চৌধুরীও। তারা জানায়, ২০১১ সালে চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন উচ্চবিদ্যালয় থেকে তারা ১০ বন্ধু এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরে তারা বিভিন্ন কলেজে ভর্তি হয়। আজ (গতকাল) কাউকে না বলে তারা সবাই যে যার কলেজ থেকে কাপ্তাই বেড়াতে এসেছিল।জানা যায়, কাপ্তাইয়ে অবস্থিত সেনাবাহিনীর ১৭ বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাখাওয়াত হোসেন, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুই ছাইন মারমা ও কাপ্তাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযান তদারকি করেন। লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তাঁরা সেখানে উপস্থিত ছিলেন।