বেড়াতে নিয়ে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা!
টিলার চূড়ায় বেড়াতে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে স্ত্রী হত্যার অভিযোগে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ টিলার চূড়ায় একটি গর্তের পাশ থেকে তাঁর স্ত্রীর লাশ উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে সিলেট শহরতলির খাদিমনগরের একটি চা-বাগানের টিলার চূড়ায় এ ঘটনা ঘটে।স্ত্রী হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সেলিম মিয়া (২৫)। তাঁর বাড়ি নরসিংদীর বেলাব উপজেলা সদরে। তাঁর স্ত্রী রীতা আক্তার ওরফে সীমা (২৩) একই উপজেলার নারায়ণপুর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।সিলেট বিমানবন্দর থানার পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এরপর সেলিমের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর বেলাব ও নারায়ণপুরে যোগাযোগ করে পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেলা একটার দিকে সেলিম ও সীমা খাদিমনগরের চা-বাগানের একটি টিলায় হজরত শাহ বদর আউলিয়ার (রহ.) মাজারে যান। এ সময় তাঁদের সঙ্গে সেলিমের সমবয়সী আরও দুজন ছিলেন। তাঁরা মাজার জিয়ারত করে কিছু ছবিও তোলেন। এরপর সেলিম তাঁর দুই বন্ধু ও সীমাকে নিয়ে মাজারের পার্শ্ববর্তী অপর টিলার চূড়ায় যান। একপর্যায়ে মাজারের খাদেম ফয়জুল্লাহ নারীকণ্ঠের চিৎকার শুনতে পান।খাদেম ফয়জুল্লাহ জানান, চিৎকার শুনে তিনি টিলার চূড়ার দিকে এগিয়ে যান। এ সময় সেলিমের দুই বন্ধু তাঁকে দেখে দ্রুত চূড়া থেকে নেমে যান। তিনি চূড়ায় উঠে দেখেন, সীমার অবচেতন দেহ ঠেলে একটি গর্তে ফেলার চেষ্টা করছেন সেলিম। খাদেম চিৎকার করে আশপাশের লোকজন ডাকতে গেলে সেলিম চূড়া থেকে নেমে শাহ পরান বস্তি এলাকায় আত্মগোপন করেন। এরপর আশপাশের লোকজন সেলিমকে আটক করে বিমানবন্দর থানায় খবর দেয়। লাশের সুরতহাল প্রতিবেদনে পুলিশ উল্লেখ করে, নিহতের হাতে ও পায়ে দড়ি দিয়ে বাঁধা ও গলায় ওড়না পেঁচানো ছিল।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল প্রথম আলোকে বলেন, স্ত্রী হত্যার অভিযোগে সেলিমকে গ্রেপ্তার করে থানাহাজতে রাখা হয়েছে। তাঁর সহযোগীদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে।