বেড়াতে পছন্দ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ গাউসুল আলমের প্রিয় পোশাক পাঞ্জাবি। ছবি: অধুনা
সৈয়দ গাউসুল আলমের প্রিয় পোশাক পাঞ্জাবি। ছবি: অধুনা

বিজ্ঞাপনী সংস্থা গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম। ঘুরে বেড়াতে, বই পড়তে ভালোবাসেন। আজ থাকছে তাঁর স্টাইল

ঘুরে বেড়াতে অনেক পছন্দ করেন। সময় পেলেই পরিবার নিয়ে বেরিয়ে পড়েন। এতে একসঙ্গে দুটি কাজ হয়—পরিবারকে সময় দেওয়া ও নিজের শখ মেটানো। নিজের শখ মানে বইয়ের দোকান ঘুরে ঘুরে বই কেনা ও ভিন্ন ধরনের জুতা কেনা। তিনি নিজে হাসতে এবং অন্যকে হাসাতে ভালোবাসেন। এই হলেন গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ গাউসুল আলম। কাছের মানুষদের কাছে তিনি শাওন নামে পরিচিত।

সাধারণত ছয়টার মধ্যে ঘুম থেকে ওঠেন। এরপর দুই সন্তানকে স্কুলের জন্য তৈরি করতে স্ত্রীকে সহায়তা করেন। সৈয়দ গাউসুল আলম বলেন, ‘ছেলেমেয়ের জন্য সকালে উঠি। আমার স্ত্রী ফিমা ও আমি একই সঙ্গে তাদের স্কুলের জন্য তৈরি করি। এই সময়টুকু শুধু তাদের জন্য।’ সন্তানদের স্কুলে পাঠিয়ে আবার ঘণ্টা খানেক ঘুমিয়ে নেন। এরপর অফিসের জন্য তৈরি হন। ২৪ নভেম্বর সকালে তাঁর বনানীর বাসায় কথা বলতে বলতে জানা গেল তাঁর পছন্দ-অপছন্দের নানা কথা।

গাউসুল আলমের পছন্দের পোশাক পাঞ্জাবি। ভারতের ফ্যাব ইন্ডিয়া ও স্ত্রী ফিমার নকশা করা পাঞ্জাবিই পরেন তিনি। সাদা, কালো ও বেস পছন্দের রং হলেও প্রায় সব উজ্জ্বল রঙের পোশাক পরেন। বাসায় টি-শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট পরেন। কখনো অফিসেও এই পোশাকে চলে যান। সাধারণ সময়ে অফিসে একরঙা শার্ট, পাঞ্জাবি, জিনস ও টি-শার্ট পরেন। তবে কেতাদুরস্ত পোশাকও পরেন কোনো কোনো অনুষ্ঠানে। টি-শার্টে নানা রকমের মজার আঁকিবুঁকি ও উক্তি থাকলে সেটিও কখনো কখনো বেছে নেন।

জুতার প্রতি বিশেষ দুর্বলতা আছে গাউসুল আলমের। দেশের বাইরে গেলে জুতা কেনা চাই-ই চাই। নানা রকমের জুতা তাঁর সংগ্রহে আছে। পোশাকের সঙ্গে মিলিয়ে কখনো স্নিকারস, কখনো লোফার, কখনো বা বেছে নেন ফরমাল জুতা।

খেতে খুব ভালোবাসলেও আজকাল ডায়েট করছেন। আর শারীরিকভাবে ফিট থাকতে নিয়মিত টেবিল টেনিস খেলেন। ছুটির দিনটা পুরোপুরি বই আর পরিবারের জন্য। বই পড়া তাঁর নেশা। শৈশব ও কৈশোর কেটেছে সত্যজিৎ রায়ের বই পড়ে। আজকাল দেশ-বিদেশের নানা ধরনের দর্শনতত্ত্বের বই ও আত্মজীবনী পড়ছেন। সময় পেলে সিনেমা দেখেন। গান শুনতেও ভালোবাসেন। পুরোনো দিনের বাংলা গান, হিন্দি গান ও গজল তাঁর খুব প্রিয়। উচ্চাঙ্গসংগীতের ভক্ত তিনি।