বেড়াতে বের হয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
বেড়াতে বের হয়ে গতকাল শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মুদিপাড়া এলাকার বিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।
ওই কিশোর ঢাকার আশুলিয়া উপজেলার দিঘলগ্রাম এলাকার দেওয়ান সেলিম হোসেনের ছেলে দেওয়ান সাব্বির হোসেন (১৭)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সাব্বির দুই দিন আগে মুদিপাড়া এলাকায় নানা রতন মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গতকাল সকালে সে পাশের ভাসুরা গ্রামের লোকজনের সঙ্গে ইঞ্জিনচালিত নৌকায় করে রাজধানীর মিরপুরের উদ্দেশে রওনা হয়। পথে মুদিপাড়া এলাকায় বিলে নৌকার ছাদে বসে থাকা দেওয়ান সাব্বির বিদ্যুৎ সরবরাহের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। নৌকায় থাকা সোহাগ হোসেন (২২) নামের আরেক তরুণের শরীর পুড়ে যায়।
কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীর পুড়ে যাওয়ায় সাব্বিরের মৃত্যু হয়েছে। তবে সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়।