বেড়াতে যাওয়া হলো না সীমা রানীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালীপূজা উপলক্ষে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আর যাওয়া হলো না সীমা রানী দাসের। স্বামী ও মেয়েকে নিয়ে ট্রেনে ওঠার সময় নিচে পড়ে যান তিনি। এতে তাঁর দুই হাত ও পা কাটা যায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। সীমা রানী দাস (৩১) কসবা পৌর এলাকার শীতলপাড় গ্রামের দিতন চন্দ্র দাসের স্ত্রী।
গৃহবধূর পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সীমা বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে স্বামী ও পাঁচ বছর বয়সী মেয়ে রাধা রানীর সঙ্গে কসবা স্টেশনে আসেন। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি তখন ছেড়ে যাচ্ছিল। এ সময় তাঁর স্বামী ট্রেনে উঠতে পারলেও সীমা ট্রেনের নিচে পড়ে যান। আর মেয়ে রাধা লাইনের পাশে পড়ে যায়। ট্রেনের নিচে পড়ে সীমার দুই পা ও একটি হাত কেটে আলাদা হয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে তাঁকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।
সীমার স্বামী দিতন দাস বলেন, পূজা উপলক্ষে চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ট্রেনে উঠতে গেলে ট্রেনটি ছেড়ে দেয়। তিনি উঠতে পারলেও তাঁর স্ত্রী ও মেয়ে উঠতে পারেননি। এ অবস্থায় চলন্ত ট্রেন থেকে তিনি নামতেও পারেননি।