বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ১
কেরানীগঞ্জ মডেল থানাধীন ঢাকা-নবাবগঞ্জ সড়কের গদাবাগ কবরস্থান এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শেফালি বেগম (৩৮) নামের একজন মারা গেছেন, আহত হয়েছে একই পরিবারের চারজন। আহত ব্যক্তিদের পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, আজ সকালে নিহত শেফালি বেগম তাঁর ছোট বোন কাকলি বেগম (৩৪), বোনের স্বামী জাহাঙ্গীর হোসেনের (৪০) সঙ্গে ছেলে শশী (৫) ও ভাগনি জেরিনকে (৭) নিয়ে কদমতলী এলাকা থেকে অটোরিকশায় করে মিরপুর চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশে রওনা হন। গদাবাগ কবরস্থান এলাকায় একটি কাভার্ড ভ্যান অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে এর আরোহী সবাই গুরুতর আহত হয়। এলাকাবাসী আহত ব্যক্তিদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শেফালি বেগম মারা যান। তাঁর স্বামীর নাম আবদুল মালেক। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার মুসলিমপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত জাহাঙ্গীর হোসেন জানান, তাঁরা পরিবারের লোকজন মিলে চিড়িয়াখানা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে তাঁর স্ত্রীর বড় বোন শেফালি নিহত হন।
কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জামান ‘প্রথম আলো’কে বলেন, দুর্ঘটনা-কবলিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে। তবে গাড়ি দুটির চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।