
খুলনা থেকে দুই মেয়ে ও ননদকে নিয়ে বাবার বাড়ি চট্টগ্রামে বেড়াতে এসেছিলেন মনোয়ারা বেগম (৩৬)। স্বজনদের সঙ্গে কয়েকটা দিন আনন্দেই কেটেছে তাঁদের। বেড়ানো শেষে গতকাল বুধবার দুপুরে খুলনার উদ্দেশে রওনা দেন তাঁরা। প্রথম গন্তব্য ছিল নগরের অলংকার এলাকার বাস কাউন্টার। মুরাদপুরের নাজিরপাড়ার বাসা থেকে অটোরিকশায় ওঠেন তাঁরা। বাসা থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পরই রেল ক্রসিংয়ে তাঁদের অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রেন।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মনোয়ারা বেগম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁর বড় মেয়ে আফরিন আক্তারকে (১৬) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হয়েছে মনোয়ারা বেগমের ছোট মেয়ে আয়েশা আক্তার (১৩) ও বড় ননদ মনি বেগম (৫৬)। দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আয়েশার বাঁ পায়ের গোড়ালি ট্রেনে কাটা পড়েছে। আঘাত পেয়েছে মাথায়ও। মনি বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।
নগরের মুরাদপুরের পিলখানা রোডে মধুবন কারখানার পাশের রেলক্রসিংয়ে গতকাল বেলা তিনটায় এই দুর্ঘটনা ঘটে। শাটল ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম নগরে আসছিল। ট্রেনের ধাক্বায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি। অটোরিকশাটি রেলক্রসিং থেকে প্রায় ১০০ গজ দূর পর্যন্ত ঠেলে দিয়ে যায় ট্রেনটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, রেলক্রসিংয়ে ওঠার পর অটোরিকশাটির ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়। বিপদ বুঝতে পেরে অটোরিকশার চালক দ্রুত দরজা খুলে নেমে যান। তাঁর সঙ্গে নেমে পড়েন মনোয়ারা বেগমের ফুপাতো ভাই জাশেদ। পেছনের দরজা খুলে প্রথমে নামার চেষ্টা করছিলেন মনোয়ারা বেগম। তখনই ট্রেনের ইঞ্জিন অটোরিকশাটিকে ধাক্বা দেয়।
ষোলশহর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাহাবুদ্দিন বলেন, এটি অবৈধ রেলক্রসিং। এখানে কোনো গেট কিংবা গেটম্যানও নেই। স্থানীয় লোকজন এটিকে রেলক্রসিং বানিয়েছেন।
এর আগে গত ১৬ মে নগরের ষোলশহর রেল ক্রসিং এলাকায় তেলবাহী ওয়াগন একটি বাসকে ধাক্কা দিলে দুই যাত্রী নিহত হন। এরপর ১৯ ডিসেম্বর নগরের দেওয়ানহাট ব্রিজ এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মারা যান আরেক নারী।
রেলওয়ে পুলিশের জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ট্রেন কাছাকাছি চলে এসেছে দেখার পরও অটোরিকশাচালক রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করেন। তখনই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ছাত্র ওসমান হায়দার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রতিবেদককে বলেন, ‘আমরা কয়েক বন্ধু বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় ইঞ্জিনে উঠেছিলাম। মুরাদপুর এসে দেখি একটি সিএনজি (অটোরিকশা) ট্রেন লাইনের ওপর দাঁড়ানো। মুহূর্তেই দেখলাম চালক গ্রিল খুলে বের হয়ে গেল। পেছন থেকে এক মহিলা (মনোয়ারা) বের হওয়ার চেষ্টা করছিলেন। মুহূর্তের মধ্যে ট্রেনটি ধাক্কা দিয়ে অটোরিকশাটিকে ঠেলতে ঠেলতে প্রায় ১০০ গজ দূরে নিয়ে যায়।’
আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ট্রেনের আরোহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর বলেন, ‘মেয়েটির অবস্থা খুব বেশি খারাপ। বৃদ্ধাটিও আশঙ্কামুক্ত নয়।’
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন স্বজনেরা। মনোয়ারা বেগমের ভাই মো. রাশেদ বলেন, ১৬ ডিসেম্বর তাঁর বোন চট্টগ্রামে বাসায় বেড়াতে আসেন। প্রথমে নগরের কুয়াইশ এলাকায় তাঁদের বাড়িতে ছিলেন। পরে মুরাদপুরের নাজিরপাড়ায় নানার বাড়িতে বেড়াতে যান মনোয়ারা বেগম। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আনন্দেই কাটছিল দিনগুলো। এমন হওয়ার তো কথা ছিল না।’ তিনি বলেন, মনোয়ারার স্বামীর নাম আজিজুর রহমান। তিনি কয়েক বছর আগে মারা গেছেন। স্বামীর বাড়ি খুলনাতেই থাকেন তাঁর বোন।
ভাগনি ও নাতির মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন মনোয়ারা বেগমের মামি লাকি আক্তার। তিনি বলেন, ‘আমাদের বাসা থেকে বের হয়েই তাঁরা দুর্ঘটনায় পড়ে। আল্লাহ এমন কেন হলো!’