
দৃষ্টিনন্দন লেক, বাঁধানো হাঁটা পথ, ক্লান্তি লাগলে বিশ্রামের জায়গা। ঘোরার জন্য আছে চক্রাকার বাস সার্ভিস ও নৌভ্রমণের ব্যবস্থা। ইট-কংক্রিটের রাজধানীতে বিনোদনের অন্যতম কেন্দ্র হাতিরঝিল। ঘোরাঘুরি শেষে উদরপূর্তির ব্যবস্থা না থাকাটাই ছিল অপূর্ণতা। দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে সেটিও ঘুচিয়েছে কর্তৃপক্ষ।
হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প কর্তৃপক্ষ হাতিরঝিল এলাকায় ৩০টি দোকান বরাদ্দ দিয়েছে। এর মধ্যে ১৩টি স্থায়ী ও ১৭টি অস্থায়ী। ইতিমধ্যে অস্থায়ী দোকানের বেশির ভাগ চালু হয়ে গেছে। স্থায়ীগুলোরও কয়েকটি বেচাবিক্রি শুরু করেছে।
হাতিরঝিল উন্নয়ন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মেজর কাজী শাকিল হোসেন প্রথম আলোকে বলেন, হাতিরঝিল এলাকাটি ট্যুরিস্ট স্পট। যেহেতু ফেরিওয়ালা, ভ্রাম্যমাণ খাবার বিক্রেতাদের ঢুকতে দেওয়া হয় না, তাই ঘুরতে আসা দর্শনার্থীদের সুবিধার কথা বিবেচনা করে খাবারের দোকানের অনুমতি দেওয়া হয়েছে।
হাতিরঝিল এলাকা ঘুরে দেখা যায়, প্রকল্প এলাকার বেশ কিছু স্থানে পিকআপ ভ্যানে খাবারের দোকান বসানো হয়েছে। দোকানের সামনে ছোট ছোট ছাতা মেলে আর চেয়ার-টেবিল পেতে নানা ধরনের খাবার বিক্রি করা হচ্ছে। বাহারি নামের এসব দোকানে মিলছে নানা স্বাদের খাবার।
হাতিরঝিলের টঙ্গী ডাইভারশন রোডের এফডিসি মোড়ের অংশে রয়েছে ‘ওয়াও’, রামপুরা সেতু এলাকায় মন্দিরের সামনে ‘হ্যাংআউট’, রামপুরা সেতুর হাতিরঝিলে প্রবেশের মুখে ‘ফুড ট্রিপ’, পুলিশ প্লাজার সামনে ‘ইট ইটালিয়া’, মধুবাগ এলাকায় রয়েছে ‘টুইস্ট অব টেস্ট’ ও ‘আড্ডা’।
বনশ্রী এলাকা থেকে ঘুরতে আসা ইসরাফিল হক বলেন, ‘বাচ্চাদের নিয়ে মাঝেমধ্যেই হাতিরঝিলে ঘুরতে আসি। কোথাও একটু বসে খাবার খেলে ভালোই লাগে। বাচ্চারাও খাবার খেতে বায়না ধরে। বিভিন্ন জায়গায় দোকান বসানোয় সুবিধাই হয়েছে।’
এসব দোকানের খাবারের তালিকায় আছে লুচি, গরু ও মুরগির নানান পদের চাপ ও কারি, স্যুপ, নুডলস, বার্গার, স্যান্ডউইচ, ফ্রায়েড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাইস, হালিম, ফুচকা, চটপটি আইসক্রিম, কফি ও জুস। দাম দোকান ও খাবারভেদে ৩০ থেকে ২০০ টাকার মধ্যে।
প্রকল্প-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১০ বছর মেয়াদি চুক্তিতে দোকানগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। অস্থায়ী দোকানগুলো নিজস্ব আলোর ব্যবস্থা করে বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত বসতে পারবে। এসব দোকান ইজারা দিয়ে পাওয়া অর্থ হাতিরঝিল প্রকল্পের রক্ষণাবেক্ষণ কাজে ব্যয় করা হবে।
দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে অনুমতি দেওয়া হলেও এসব দোকানে বিক্রি হওয়া খাবারের মান ও দাম নিয়ে দর্শনার্থীদের অনেকেই প্রশ্ন তোলেন। এ ছাড়া কর্তৃপক্ষের নির্ধারণ করে দেওয়া সীমানা ছাড়িয়ে অনেকটা জায়গা চলে যাচ্ছে দোকানের দখলে। বরাদ্দের চেয়ে কয়েক গুণ বেশি জায়গাজুড়ে ছাতা আর চেয়ার-টেবিল বসানো হচ্ছে।
দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসা ডালিয়া আকতার বলেন, সাধারণত ফুচকা ও চটপটি ৩০ টাকা দাম, এখানে ৬০ টাকা নিচ্ছে। পানির দাম প্রতি বোতলে পাঁচ টাকা বেশি। অন্যান্য খাবারের দামও তুলনামূলক বেশি। এসব দোকান না খুলে হাতিরঝিলে যাদের গুণ ও মানের ব্যাপারে খ্যাতি আছে, এমন কিছু খাবারের দোকানের শাখা খুললেই ভালো হতো।
একাধিক দোকানের ব্যবস্থাপক বলেন, দোকানে প্রতিদিন ১৫০ থেকে ২০০ জনের মতো ক্রেতা আসে। ছুটির দিনগুলোতে এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। বেশির ভাগ ক্রেতাই সচেতন নাগরিক। মান খারাপ হওয়ার সুযোগ নেই। খাবারের মান খারাপ বা দাম বেশি ধরলে ব্যবসা চালানো যাবে না।
এ বিষয়ে মেজর শাকিল হোসেন বলেন, খাবারের মান কেমন, পচা ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছে কি না, সে বিষয়ে মাঝেমধ্যেই পরিদর্শন করা হয়। দোকানের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও নজরদারি করা হয়। অতিরিক্ত জায়গা দখলের বিষয়ে তিনি বলেন, সবাই চায় একটু বসে খাবার খেতে। দোকানগুলো গাড়িতে তবে কয়েকটা চেয়ার সামনে বসাতে পারে। পথচারী, যানবাহনের চলাচলে সমস্যা না করে বসায় বলে কিছু বলা হয় না।