বেড়াবন্দী সিলেটের হরিজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় হরিজন কলোনি থেকে বের হওয়ার একটিই পথ। মহাজনপট্টির ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ১২ নভেম্বর সন্ধ্যা থেকে পথটি বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
সিলেট নগরের কাষ্টঘর এলাকায় হরিজন কলোনি থেকে বের হওয়ার একটিই পথ। মহাজনপট্টির ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে ১২ নভেম্বর সন্ধ্যা থেকে পথটি বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

তিনতলা ভবন। মূল ফটকে ক্রস আকারে বাঁশের বেড়া। সেই বেড়ার ফাঁক গলে বাইরে বের হচ্ছিলেন মধ্যবয়সী এক নারী। চোখমুখে অসহায়ত্বের ছাপ। আশপাশে তাকিয়ে তিনি বলছিলেন, ‘কী করমু বাপু! মহাজনেরা কইছে, অমনি আমরার পথ বেড়া দিয়া রাখছে!’
ওই নারী বলছিলেন সিলেট নগরের কাষ্টঘর এলাকায় হরিজন কলোনির প্রধান ফটক দিয়ে চলাচলের রাস্তার কথা। আর ‘মহাজনেরা’ হলেন কলোনির পাশের মহাজনপট্টির ব্যবসায়ীরা।
১২ নভেম্বর হরিজন সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে বচসার জের ধরে ‘মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি’ বিক্ষোভ করে দোকানপাট বন্ধ রাখে। তাঁদের দাবি হরিজন কলোনি উচ্ছেদের। এই দাবির মুখে কলোনির প্রধান ফটকে বাঁশের বেড়া দিয়েছে সিটি করপোরেশন। সেই থেকে কলোনির শতাধিক পরিবার যেন বন্দী জীবন যাপন করছে।
সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি কাষ্টঘর এলাকা থেকে হরিজন কলোনির উচ্ছেদ দাবি করে স্মারকলিপি দিয়েছে। আবার বিকল্প আবাসস্থল না থাকায় উচ্ছেদ হলে হরিজনেরা কোথায় যাবেন—এমন টানাপোড়েন পরিস্থিতি সামাল দিতে সাময়িকভাবে বাঁশের বেড়া দিয়ে রাখা হয়েছে।
এক প্রশ্নের জবাবে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ওই দিনের পরিস্থিতি এমন ছিল যে, দুই পক্ষই মুখোমুখি অবস্থানে ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আর হরিজনদের নিরাপত্তার কথা ভেবে সাময়িকভাবে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের নথি থেকে জানা যায়, ব্রিটিশ আমল থেকে হরিজন সম্প্রদায়ের বসবাস কাষ্টঘর এলাকায়। সিলেট পৌরসভা থাকাকালে ১৯৮৬ সালে আলাদা একটি কলোনি করা হয়। কাষ্টঘর-মহাজনপট্টি এলাকার রাস্তা লাগোয়া স্থানে তিনতলা একটি ভবন করে ১৯৮৭ সালের ৫ ফেব্রুয়ারি ‘সুইপার কলোনি’ হিসেবে এটি উদ্বোধন করা হয়। সেই থেকে হরিজন সম্প্রদায়ের দেড় শ পরিবারের ছয় শতাধিক সদস্যের এখানে বসবাস। এঁদের মধ্যে ১৫২ জন সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী পদে চাকরি করছেন।
মহাজনপট্টি নগরের একটি পুরোনো ব্যবসাকেন্দ্র। ব্যবসায়ী সমিতির অভিযোগ, হরিজন সম্প্রদায়ের কিছু উঠতি যুবক কাষ্টঘর হয়ে মহাজনপট্টি এলাকা দিয়ে যাতায়াত করে। তারা মদ খেয়ে মাতাল অবস্থায় প্রায়ই ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। প্রায় এক বছর ধরে এ ধরনের উপদ্রব বেড়ে যাওয়ায় মহাজনপট্টির ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। ১২ নভেম্বর এ রকম একটি ঘটনার প্রতিবাদ করতে গিয়ে উল্টো আক্রমণের মুখে পড়ায় তারা কলোনি উচ্ছেদের দাবি জানিয়েছে।
সম্প্রতি মহাজনপট্টি এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে কথা হয় সমিতির সভাপতি আবদুল খালিকের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরাও তাদের প্রতি মানবিক। কিন্তু সমস্যা হরিজন কলোনির প্রবীণেরা করছেন না, উচ্ছৃঙ্খল কিছু যুবক উৎপাত করছে, যা সহ্য করার মতো নয়।’
আলাপ হয় হরিজন কলোনির ‘সর্দার’ আসগরের সঙ্গে। টানা ১৬ বছর হরিজন সম্প্রদায়ের সর্দার তিনি। ব্যবসায়ীদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কলোনির কেউ এ রকম কিছু করলে আমাদের জানালে আমরা নিজ থেকেই এর সমাধান করতাম। আমাদেরও তো বিচার-পঞ্চায়েত আছে। তা না করে আমাদের উচ্ছেদ করতে মহাজনদের দাবি, আর সিটি করপোরেশনের পথ বন্ধ করে দেওয়া—সবাইকে বড় দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে।’