বেড়ার অধিকাংশ সড়ক বেহাল, বাড়ছে ভোগান্তি
পাবনার বেড়া পৌর এলাকার সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। এ ছাড়া উপজেলার অভ্যন্তরীণ অন্য সড়কগুলোর অবস্থাও অত্যন্ত নাজুক। অধিকাংশ সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে বাড়ছে দুর্ঘটনা ও ভোগান্তি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, পৌর এলাকার প্রধান সড়কসহ অধিকাংশ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়কের বিভিন্ন স্থানের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের। সড়কগুলোর ভঙ্গুর অবস্থার কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। এর মধ্যে ফকির আটাকল, কানাইবাড়ী মোড় (উপজেলা সড়ক), থানা মোড় (ডাকবাংলো সড়ক) অংশের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই স্থানগুলোতে সৃষ্টি হওয়া গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।এ ব্যাপারে বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন বলেন, ‘বৃষ্টির জন্য পৌর এলাকার কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ পৌরসভার হাতে আছে। শিগগির সেগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’এদিকে পৌর এলাকার বাইরে অবস্থিত উপজেলা-হাটুরিয়া, ডাকবাংলো-মোহনগঞ্জ-পেঁচাকোলা, হাটুরিয়া-নাকালিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের অনেক স্থানেই কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ভাঙাচোরা অবস্থার কারণে নিয়মিত এসব স্থানে দুর্ঘটনা ঘটে চলেছে।হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ চাঁদ বলেন, ‘উপজেলা-পেঁচাকোলা ও ডাকবাংলো-মোহনগঞ্জ-পেঁচাকোলা সড়কপথে আমার ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের মানুষ যাতায়াত করে। কিন্তু সড়ক দুটির অবস্থা এতই খারাপ যে সেখান দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। তবে এলজিইডির পক্ষ থেকে শিগগির উপজেলা-পেঁচাকোলা সড়কের সংস্কারকাজ শুরু হবে বলে জানতে পেরেছি।’এলজিইডির বেড়া কার্যালয়ের প্রকৌশলী রাজু আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে উপজেলার অভ্যন্তরীণ কয়েকটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে উপজেলা-হাটুরিয়া-পেঁচাকোলা সড়কের সংস্কার ও প্রশস্তকরণের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। শিগগির এ সড়কের কাজ শুরু হবে।’