বেড়ার জেলেদের জন্য নেই সরকারি সহায়তা
ইলিশ ধরা নিষিদ্ধকালে সরকার ১৪ জেলার ৭৬ উপজেলার জেলেদের ক্ষতিপূরণ হিসেবে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল দিচ্ছে। কিন্তু পাবনার বেড়া উপজেলার জেলেদের জন্য এ ধরনের কোনো বরাদ্দ নেই।
ইলিশ রক্ষায় এবার প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত এ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। ২২ দিনের এ নিষেধাজ্ঞার সময় দেশের ১৪ জেলার ৭৬ উপজেলার ৩ লাখ ৫৬ হাজার ৭২৩ জন জেলেকে ক্ষতিপূরণ হিসেবে বিশেষ ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল দেবে সরকার। বেড়া উপজেলার নদ-নদী থেকেও ইলিশ ধরা নিষিদ্ধ থাকলেও উপজেলার জেলেরা সরকারি চাল পাবেন না।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, বেড়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত নদ-নদী আটটি। এর মধ্যে হুরাসাগর, পদ্মা ও যমুনা নদ-নদীর বেড়া উপজেলা অংশের প্রায় ২৫ কিলোমিটার এলাকা মা ইলিশের প্রজননের জন্য পরিচিত। ওই অংশ থেকে বছরে গড়ে প্রায় ৩৫ মেট্রিক টন ইলিশ ধরা হয়। এরপরও উপজেলার ওই অংশকে ‘ইলিশ জোন’ হিসেবে ঘোষণা করা হয়নি। উপজেলায় তালিকাভুক্ত মৎস্যজীবীর সংখ্যা চার হাজার। তবে কয়েকটি মৎস্যজীবী সমিতির হিসাব অনুযায়ী এই সংখ্যা পাঁচ হাজারেরও বেশি।
১০ থেকে ১২ জন মৎস্যজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি সহায়তা না পাওয়ায় গত বছর নিষেধাজ্ঞা চলাকালে খুব কষ্টে দিন কেটেছিল জেলেদের। প্রথম দিকে জেলেরা মাছ ধরার জন্য নদীতে না গেলেও নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে নিরুপায় হয়ে কেউ কেউ গোপনে মাছ ধরতে গিয়েছেন। মৎস্য কর্মকর্তা ও মৎস্যজীবীদের মতে, ইলিশ ধরা নিষিদ্ধকালে উপজেলার জেলেদের সরকারি সহায়তার আওতায় নিয়ে আসা হলে ইলিশ ধরা কমে যাবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার বলেন, ‘বেড়া উপজেলার নদ-নদীগুলোতে প্রচুর ইলিশ ধরা পড়লেও একে ইলিশ জোন হিসেবে ঘোষণা করা হয়নি। তাই অন্যান্য এলাকার জেলেরা সরকারি সহায়তা পেলেও বেড়ার জেলেদের জন্য এ ধরনের কোনো বরাদ্দ নেই।’