বেড়ার তিন উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা কর্মকর্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার তিনটি উপস্বাস্থ্যকেন্দ্রের একটিতেও চিকিৎসা কর্মকর্তা নেই। এর দুটি উপস্বাস্থ্যকেন্দ্র নির্ধারিত সময় পর্যন্ত খোলা থাকে না বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, বেড়া উপজেলায় হাটুরিয়া-নাকালিয়া, নতুনভারেঙ্গা ও রাজনারায়ণপুরে তিনটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। নিয়মানুযায়ী প্রতিটি উপস্বাস্থ্যকেন্দ্রে একজন করে চিকিৎসা কর্মকর্তা, উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা (সাকমো), ফার্মাসিস্ট ও বার্তাবাহক থাকার কথা। এর একটিতেও চিকিৎসা কর্মকর্তা নেই। তবে বাকি পদগুলোতে জনবল রয়েছে। উপস্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের মূলত তাঁরাই চিকিৎসা দিয়ে থাকেন।
উপস্বাস্থ্যকেন্দ্রের পাশের মাঠে খেলতে আসা হাসান, মানিক, রবিন, সুরুজসহ কয়েকজন কিশোর জানায়, ১২টার দিকে উপস্বাস্থ্যকেন্দ্রের লোকজন তালা দিয়ে চলে গেছেন। প্রায় দিনই তাঁরা ১০টার দিকে এসে ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে চলে যান। উপস্বাস্থ্যকেন্দ্রের পাশের বাড়ির মালিক হারুন-অর রশীদও একই অভিযোগ করেন।
১৮ জুন দুপুর একটায় উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কর্মরত তিনজনকেই পাওয়া যায়। তবে এলাকাবাসীর অভিযোগ, মাঝেমধ্যেই নির্ধারিত সময়ের আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা আগে ও পরে এটি বন্ধ ও খোলা হয়। তবে কর্মকর্তারা জানান, প্রতিদিনই তাঁরা সরকারনির্ধারিত সময় অনুযায়ী উপস্বাস্থ্যকেন্দ্র খোলা রেখে রোগীদের চিকিৎসা দেন। একই দিনে দুপুর সোয়া দুইটার দিকে রাজনারায়ণপুর উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কর্মরত কয়েকজনকে পাওয়া যায়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, উপস্বাস্থ্যকেন্দ্রগুলোর প্রতিটিতে দৈনিক গড়ে ৫০ থেকে ৮০ জন রোগী আসে। তাদের মধ্যে অনেক জটিল রোগীও থাকে। চিকিৎসা কর্মকর্তা না থাকায় অনেক জটিল রোগী সঠিক চিকিৎসা পায় না।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্তিক কুমার সাহা জানান,উপসহকারী চিকিৎসা কর্মকর্তারা সাধারণ রোগীদের চিকিৎসা দিলেও কোনো কোনো রোগীর ক্ষেত্রে চিকিৎসা কর্মকর্তার প্রয়োজন হয়। কিন্তু চিকিৎসা কর্মকর্তা না থাকায় উপসহকারী চিকিৎসা কর্মকর্তারাই সব রোগীর চিকিৎসা দিচ্ছেন। চিকিৎসা কর্মকর্তা-সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।