বেড়ার পাঁচ ইউপিতে বিদ্রোহী সামলাতে ব্যস্ত আ.লীগ
পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছেন আটজন। বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অনেকটাই বেকায়দায় রয়েছে দলটি। প্রতীক বরাদ্দের পর থেকেই আওয়ামী লীগের প্রার্থীদের সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।
অন্যদিকে বিএনপিতে বিদ্রোহী প্রার্থী নিয়ে তেমন কোনো সমস্যা নেই। শুধু মাসুমদিয়া ইউনিয়নে একজন বিদ্রোহী প্রার্থী থাকলেও দল মনোনীত প্রার্থীর সঙ্গে কোনো উত্তেজনা নেই।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বেড়ার নয়টি ইউপিতে ভোট গ্রহণ হবে প্রথম দফায় ২২ মার্চ। এতে ২২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা নেওয়া হয় এবং ৩ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের পর উপজেলার নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে লড়াই করছেন ৩২ জন। এর মধ্যে জাতসাখিনী, রূপপুর ও মাসুমদিয়া ইউপিতে পাঁচজন করে; নতুন ভারেঙ্গা ও ঢালারচর ইউপিতে চারজন করে; পুরান ভারেঙ্গা, হাটুরিয়া-নাকালিয়া ও কৈটোলা ইউপিতে দুজন করে এবং চাকলা ইউপিতে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি ইউপিতে আওয়ামী লীগ ও বিএনপির দল মনোনীত প্রার্থী থাকলেও পাঁচটি ইউনিয়নে আওয়ামী লীগের এবং একটি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে জাতসাখিনী, চাকলা ও মাসুমদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের একজন করে এবং রূপপুরে তিনজন ও ঢালারচরে দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর বিএনপির শুধু একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন মাসুমদিয়ায়।
প্রতীক বরাদ্দের পর থেকেই পাঁচ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের উত্তেজনা বেড়েই চলেছে। ইতিমধ্যে ঢালারচর, চাকলা ও রূপপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাতসাখিনী ও মাসুমদিয়ায় সংঘর্ষের ঘটনা না ঘটলেও উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে।
ঢালারচরে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কোরমান আলী সরদার। এখানে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী থাকলেও শক্তিশালী অবস্থানে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরুদ্দিন ব্যাপারী। কোরমান আলীর সমর্থকদের সঙ্গে নাছিরুদ্দিনের সমর্থকদের ৩ মার্চ রাতে ও ৪ মার্চ সকালে সিদ্দিক মোড় নামক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। দুই পক্ষই থানায় মামলা করে। কোরমান আলী সরদার ও নাছিরুদ্দিন ব্যাপারী একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ আনেন। এ ছাড়া এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্যও তাঁরা একে অপরকে দায়ী করেন।
রূপপুরে আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম ওরফে উজ্জ্বল। এখানে আওয়ামী লীগের তিনজন বিদ্রোহী প্রার্থী থাকলেও শক্তিশালী অবস্থানে রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম মোল্লা। ৯ মার্চ রাতে ও ১০ মার্চ সকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।
চাকলায় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হলেন ফারুখ হোসেন। তিনি বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তাঁর সঙ্গে উত্তেজনা চলে আসছে বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীমুল ইসলামের। ১১ মার্চ ফারুখ হোসেনের লোকজন শামীমুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ ওঠে। এতে শামীমুলের মা, স্ত্রীসহ বাড়ির পাঁচজন আহত হন। এ ঘটনা নিয়ে আলাপকালে ফারুখ ও শামীমুল উভয়েই একে অপরকে দায়ী করেন।
বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ‘পাঁচ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী নিয়ে সমস্যা দেখা দিয়েছে। দলীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি যেমন দুঃখজনক, তেমনি মোটেও কাম্য নয়। আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট চাই। আপাতত এর বাইরে আমি আর কোনো মন্তব্য করব না।’