বেড়ার ফাঁকে হাত গলিয়ে ছুঁতে চায় মন
লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার সীমান্তে শ্যামাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো গতকাল রোববার সকালে বসেছিল এপার-ওপার দুই বাংলার মানুষের মিলনমেলা। এ সময় ভারত ও বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষ তাঁদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করেন।
সরেজমিনে দেখা গেছে, পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর, শিবরাম, মেছেরপার, হাতীবান্ধা উপজেলার গেন্দুকুড়ি-কালীবাড়ি সীমান্তে ও ভারতের কোচবিহার জেলার ব্রহ্মপাড়া, ডাকুয়ারটারী এবং বড় মরিচাবাড়ী সীমান্তে দুই বাংলার বিপুলসংখ্যক মানুষের সমাগম। কয়েক কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়ার দুই পাশে ভোর ছয়টায় শুরু হওয়া এ মিলনমেলা চলে বেলা একটা পর্যন্ত।
কয়েক হাজার মানুষ আত্মীয়স্বজনকে একনজর দেখার জন্য ছুটে আসেন। কাঁটাতারের বেড়ার দুই পাশে দাঁড়িয়ে অনেকটা চেঁচিয়ে বা উচ্চ স্বরে কথা বলার পাশাপাশি অনেকে বেড়ার ওপর দিয়ে ঢিল ছোড়ার মতো করে বিভিন্ন জিনিস ও উপহারসামগ্রী আদান-প্রদান করেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। একে অপরকে জড়িয়ে ধরার জন্য ব্যাকুল হলেও বাধা হয়ে দাঁড়ায় কাঁটাতারের বেড়া। তবুও বেড়ার ফাঁকে হাত গলিয়ে একে অপরকে স্পর্শ করার চেষ্টা করেন অনেকেই।