শিক্ষক-সংকটের কারণে পাবনার বেড়া উপজেলার উচ্চবিদ্যালয়গুলোয় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ভালো ফল করতে পারছে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ১৮টি বেসরকারি উচ্চবিদ্যালয় আছে। এসব বিদ্যালয়ের মধ্যে শতবর্ষী বিদ্যালয় তিনটি। সেগুলো হচ্ছে বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়, নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয় ও ভারেঙ্গা একাডেমি। এ ছাড়া অর্ধশত বছর আগে প্রতিষ্ঠিত আটটি বিদ্যালয় আছে। ১০-১৫ বছর আগে এসব বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল ভালো হলেও এখন আর তেমনটি হচ্ছে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এবার বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ জন, নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয়ের ১৯৫ জনের মধ্যে ১৬ ও ভারেঙ্গা একাডেমির ৭৯ জনের মধ্যে মাত্র একজন জিপিএ-৫ পেয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৩৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত শতবর্ষী তিনটি বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী রাজশাহী শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধাতালিকায় স্থান করে নেয়। এ ছাড়া একই সময়ে এসব বিদ্যালয়ের প্রচুরসংখ্যক শিক্ষার্থী ৮০ শতাংশ নম্বর পেয়েছে।শিক্ষক, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের সংখ্যা কম হওয়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ বিদ্যালয়ে বিষয়ভিত্তিক (ইংরেজি, গণিত, বিজ্ঞান) শিক্ষকের সংকট রয়েছে। অতিরিক্ত শিক্ষার্থীর চাপে বেশির ভাগ বিদ্যালয় নিজস্ব ব্যবস্থাপনায় শাখা খুললেও এর অনুমোদন মিলছে না।নাটিয়াবাড়ি ধোবাখোলা করোনেশন উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের এক হাজার ২০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক দরকার ৩০ জন, কিন্তু আছেন ১৬ জন। পাঠদানের সুবিধার জন্য কর্তৃপক্ষ বিদ্যালয়ের শ্রেণীগুলোকে ১৫টি শাখায় ভাগ করলেও এগুলোর অনুমোদন মেলেনি। এ কারণে বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ১৪ জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক বলেন, ‘রাজশাহী বোর্ডের একটি পরিদর্শক দল আমাদের বিদ্যালয়ে নয়টি শাখার প্রয়োজনীয়তা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে চিঠি দিয়েছে। কিন্তু সেখান থেকে শর্ত সাপেক্ষে দুটি শাখার অনুমোদন দেওয়া হলেও তাতে কাজ হচ্ছে না। কারণ, শর্তানুযায়ী অনুমোদিত শাখার শিক্ষকদের বেতন আমাদেরই বহন করতে বলা হয়েছে।’বেড়া বিবি উচ্চবিদ্যালয়ে এক হাজার ২০০ শিক্ষার্থীর জন্য মাত্র ১৬ জন শিক্ষক আছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ১০ জন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘খণ্ডকালীন শিক্ষক নেওয়া হলেও তাঁদের অভিজ্ঞতা যেমন নেই, তেমনি প্রত্যাশিত কাজও তাঁদের কাছ থেকে পাওয়া যায় না। কাজেই বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়নের জন্য স্থায়ীভাবে শিক্ষক নিয়োগ দিতে হবে। শিক্ষক-সংকটের বাধা দূর হলে আমাদের শিক্ষার্থীরা আরও ভালো ফল করবে।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহাদৎ হোসেন জানান, কয়েকটি বিদ্যালয়ে জরুরি ভিত্তিতে শাখা অনুমোদনের পাশাপাশি অতিরিক্ত শিক্ষক নিয়োগ করা প্রয়োজন।