মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচনকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার মুক্তিযোদ্ধারা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা-১ আসনের সাংসদ শামসুল হকের ছোট ভাই এবং বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেনের সমর্থনে উপজেলা সদরের মুক্তিযোদ্ধারা অন্যদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল রোববার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা। তাঁদের দাবি, উপজেলা সদরের বাইরের মুক্তিযোদ্ধারা উপজেলা সদরে গেলেই পৌর মেয়রের সমর্থকেরা তাঁদের মারপিট করছেন এবং নির্বাচনে অংশগ্রহণ না করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। ফলে তাঁরা নির্বাচনের কাজে উপজেলা সদরে যেতে পারছেন না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বেড়া উপজেলা সদরের পরিবর্তে যেকোনো ইউনিয়ন বা জেলা সদরে নির্বাচন কার্যক্রম পরিচালনা করা হোক।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, ‘আমার কাছে কোনো অভিযোগ আসেনি। নির্বাচন কার্যক্রম সঠিকভাবেই চলছে। যাচাই-বাছাই শেষ হয়েছে। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের একজন ছাড়া সবাই নির্বাচনে অংশ নিতে পারবেন।’
স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ৪ জুন বেড়া উপজেলা ইউনিট কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা কমান্ডারসহ ১১টি পদে কর্মকর্তাদের নির্বাচন করা হবে। উপজেলার ১০টি ইউনিয়নের ২৭৪ জন মুক্তিযোদ্ধা ভোট দেবেন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে একটির নেতৃত্বে আছেন কাউন্সিলের সদ্য সাবেক কমান্ডার ও বেড়া পৌরসভার বাসিন্দা ইসহাক আলী। অপর অংশের নেতৃত্বে রয়েছেন উপজেলার মাশুমদিয়া ইউনিয়নের বাসিন্দা আবদুল আওয়াল। এ দুজনই কমান্ডার পদপ্রার্থী।
সংবাদ সম্মেলনে আবদুল আওয়াল জানান, ৩০ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন তিনি উপজেলা সদরের বাইরের বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু উপজেলা সদরে পৌঁছালে স্থানীয় কিছু সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা মাশুমদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুর রহমানসহ কয়েকজনকে মারপিট করে আটকে রাখে এবং চারজন মুক্তিযোদ্ধার মনোনয়নপত্র ছিনিয়ে নেয়। এ সময় তাঁরা উপজেলা সদর থেকে পালিয়ে এসে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি জানান। পরে পুলিশের সহযোগিতায় বিকেল সাড়ে চারটার দিকে তিনিসহ সাতজন মুক্তিযোদ্ধা মনোনয়নপত্র জমা দেন। আবদুল আওয়াল ও তাঁর সমর্থক মুক্তিযোদ্ধাদের অভিযোগ, এই সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ইসহাক আলী। আর এঁদের মদদ দিচ্ছেন মেয়র আবদুল বাতেন।
আবদুল বাতেনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে ইসহাক আলী বলেন, ‘তাঁদের অভিযোগ সঠিক নয়। আমরা সবাই একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি। তাঁদের সঙ্গে এ ধরনের আচরণ করার প্রশ্নই আসে না।’ তিনি দাবি করেন আবদুল আওয়াল ও তার সমর্থকরা অবাধে উপজেলায় আসা-যাওয়া করছেন।