বেড়ার মৃৎশিল্পীদের মাথায় হাত
কয়েক দিনের টানা বর্ষণে পাবনার বেড়া উপজেলার মৃৎশিল্পীদের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে বিপুল পরিমাণ কাঁচা মৃৎসামগ্রী ও মৃৎসামগ্রী তৈরির মাটি ধুয়ে যাওয়ার পাশাপাশি বেশকিছু চুল্লি (যেখানে মৃৎসামগ্রী পোড়ানো হয়) ধসে পড়েছে। বৃষ্টি থেমে গেলেও অনেক মৃৎশিল্পী চুল্লি মেরামত ও মৃৎসামগ্রী তৈরির উপকরণের টাকা জোগাড় করতে না পেরে এখন বেকার বসে আছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার মালদাপাড়া, রাকশা, পেঁচাকোলা, খানপুরাসহ কয়েকটি গ্রামে প্রায় ১০০ কুমার পরিবারের বাস। মাটির তৈরি সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় এমনিতেই কুমারদের আয় অনেক কমে গেছে। তার ওপর বেশ কয়েকবার নদীভাঙনে তাঁরা নিঃস্ব হয়ে গেছেন। এ অবস্থায় তাঁরা বিভিন্ন স্থানে আশ্রয় নিয়ে কোনো রকমে পূর্বপুরুষের পেশায় টিকে আছেন। গত কয়েক দিনের টানা বর্ষণ তাঁদের জন্য ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। গত মঙ্গলবার মালদাপাড়ায় গিয়ে দেখা গেছে, গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধের পাশে ২০টি মৃৎশিল্পী পরিবারের বাস। নদীভাঙনে নিঃস্ব হওয়া এসব পরিবার মৃৎসামগ্রী তৈরি করে কোনোমতে জীবিকা নির্বাহ করছে। সেখানকার মৃৎশিল্পীরা জানান, গ্রামে মৃৎসামগ্রী পোড়ানোর চুল্লি রয়েছে আটটি। কয়েক দিনের বর্ষণে সেগুলোর পাঁচটি নষ্ট হয়ে গেছে। মৃৎসামগ্রী তৈরির নানা উপকরণসহ পোড়ানোর অপেক্ষায় তৈরি করে রাখা বিপুল পরিমাণ কাঁচা মৃৎসামগ্রী ও মৃৎসামগ্রী তৈরির মাটি বৃষ্টিতে ধুয়ে গেছে। বিমল পাল, রামপদ পালসহ বেশ কয়েকজন মৃৎশিল্পী জানান, মৃৎসামগ্রী তৈরির জন্য যে বিশেষ ধরনের মাটির প্রয়োজন, তা চড়া দামে অনেক দূর থেকে কিনে আনতে হয়। দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পরিবারই ঋণ করে মাটি কিনে এনে প্রচুর কাঁচা মৃৎসামগ্রী বানিয়েছিল। কিন্তু বৃষ্টিতে মৃৎসামগ্রী বানানোর জন্য রাখা সব মাটি ধুয়ে গেছে। এভাবে প্রতিটি পরিবারের কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকার ক্ষতি হয়েছে। আর চুল্লি নষ্ট হয়ে যাওয়ায় এই ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। তাঁরা জানান, নষ্ট হয়ে যাওয়া একেকটি চুল্লি মেরামতের জন্য পাঁচ থেকে সাত হাজার টাকা লাগবে। মৃৎশিল্পী কানাই পালের বাড়িতে গিয়ে দেখা যায়, তিনি বৃষ্টিতে ধসে পড়া চুল্লি থেকে আবর্জনা বের করছেন। তিনি বলেন, ‘সমিতির থ্যাকা ঋণ নিয়্যা মাটির কামে হাত দিছিলাম। ভাবছিলাম, পূজার বাজারে এবার বেশি কইর্যা হাঁড়ি-পাতিল বানাব। অথচ সব্বনাইশ্যা বিষ্টি এক্কেরে পথে বসায়া দিল। এহন চাল কিনারই টাকা নাই। তাই বাধ্য হয়া বেকার বইস্যা আছি।’