বেড়াল-আতঙ্ক
নীলফামারীর সৈয়দপুরে বেড়াল নিয়ে বিড়ম্বনায় পড়েছেন বাঁশবাড়ী মহল্লার টালি মসজিদের বাসিন্দারা। ২২টি বেড়াল ঘরে ঢুকে মহল্লাবাসীর হাঁস-মুরগি ও কবুতর খেয়ে ফেলছে। গত সোমবার সরেজমিনে দেখা যায়, ওই মহল্লায় ‘চিটাগাং ভিলা’ নামে একটি বাড়িতে তিন মাস আগে ভাড়াটে হয়ে আসেন রিনা বেগম (২৬)। তাঁর স্বামী চাকরিসূত্রে ঢাকায় থাকেন। ওই এলাকায় আসার সময় রিনা সঙ্গে করে ২২টি পোষা বেড়াল আনেন। কিন্তু বেড়ালগুলো এলাকায় দস্তুরমতো আতঙ্ক ছড়াচ্ছে। জানা গেছে, মহল্লার তাজউদ্দিনের ১০টি মুরগি, এর আগে গোলাম আলীর ছয়-সাতটি কবুতর খেয়ে ফেলেছে বেড়ালগুলো। এভাবে প্রতিদিনই কোনো না কোনো বাসায় হামলা চালিয়ে বেড়ালগুলো হাঁস-মুরগি-কবুতর খেয়ে ফেলছে। মহল্লাবাসী এর ক্ষতিপূরণ দাবি করেছে। ক্ষতিপূরণ দিতে রাজি হলেও পরে বেঁকে বসেন রিনা। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শখের বশে তিনি বেড়ালগুলো পালছেন। দিনের বেলা বন্দী থাকে। শুধু রাতে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে গত সোমবার এলাকার ওয়ার্ড কাউন্সিলর জোসনা বেগম সালিস বসান। সালিসে বেড়ালের মালিক ও ক্ষতিগ্রস্ত লোকজনকে ডাকা হয়। সালিস শেষে বেড়াল নিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয় রিনাকে। ওয়ার্ড কাউন্সিলর জোসনা বেগম বলেন, ‘সত্যি সত্যি বেড়ালগুলো এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।’