বেড়ায় অবাধে চলছে ভেজাল ভুসির ব্যবসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় ভুসিতে মেশানো হচ্ছে কাঠের গুঁড়া, তুষ, পচা আটাসহ নানা ক্ষতিকর উপাদান। একশ্রেণীর ভুসি ব্যবসায়ী দেশীয় এবং ভারত থেকে আমদানি করা ডাল ও গমের ভালো ভুসির সঙ্গে এসব ভেজাল মিশিয়ে ভুয়া লেবেল লাগিয়ে বিক্রি করছেন।ক্ষতিকর এই ভেজাল গোখাদ্য কিনে খামারিরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি তাঁদের গরুগুলোও অসুস্থ হয়ে পড়ছে। বেড়া পৌর এলাকার শাহপাড়া মহল্লায় ভুসিতে ভেজাল মিশিয়ে তা বস্তাজাত করার সময় ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার সকালে হাতেনাতে শামসুল হক নামের এক ভুসি ব্যবসায়ীকে আটক করেছেন। ভুসিতে ভেজাল দেওয়ার অপরাধে আদালত ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড অথবা আরও ১০ হাজার টাকা জরিমানা করেন। শামসুল হক ৩০ হাজার টাকা জরিমানা দিয়ে ছাড়া পান। এ ছাড়া ঘটনাস্থল থেকে ৫৬ বস্তা ভেজাল ভুসি জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ নাহিদ ইসলাম বলেন, ‘বেড়ার অনেক ভুসি ব্যবসায়ীই ভুসিতে ভেজাল দিচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। তবে হাতেনাতে ধরতে না পারার কারণে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের সমস্যা হচ্ছিল। আজ (গতকাল) গোপন সংবাদের ভিত্তিতে শামসুল হকের বাড়িতে গিয়ে হাতেনাতে ভুসিতে কাঠের গুঁড়া, তুষসহ বিভিন্ন ক্ষতিকর উপাদান মেশানো অবস্থায় তাঁকে ধরা হয়। প্লাস্টিকের বস্তায় আমদানি করা ভুসিতে ভেজাল মেশানোর পর তাতে ভুয়া লেবেল লাগিয়ে চটের বস্তায় ভরা হচ্ছিল।’ অবশ্য ভুসি ব্যবসায়ী শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘এলাকার খামারিরা চটের বস্তায় রাখা ভুসি পছন্দ করেন। এ জন্য প্লাস্টিকের বস্তায় আমদানি করা ভুসি চটের বস্তায় ভরা হচ্ছিল। ওই ভুসিতে একফোঁটা ভেজালও মেশানো হয়নি।’ স্থানীয় খামারি ও গবাদিপশু পালনকারীদের সূত্রে জানা যায়, বেড়া ও এর আশপাশের উপজেলাগুলোতে বিপুলসংখ্যক গবাদিপশু পালন করা হয়ে থাকে। এ কারণে এলাকাজুড়ে ভুসিসহ গোখাদ্যের বেশ চাহিদা রয়েছে। এ কারণে বেড়ায় ভুসির অসংখ্য পাইকারি ও খুচরা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দেশীয় এবং ভারত থেকে আমদানি করা ভালো ভুসি বেড়া বাজার ও করমজা বাজারের অনেকে তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে অথবা গুদামের ভেতরে বস্তা থেকে ঢেলে স্তূপ করে রাখেন। এরপর এর সঙ্গে কাঠের গুঁড়া, তুষ, পচা আটা এমনকি ধুলা পর্যন্ত মেশানো হয়। জমাট বাঁধা পচা চাল ও পচা ভুসি গুঁড়া করেও ভালো ভুসির সঙ্গে মেশানো হয়। এসব মেশানোর সময় উৎকট গন্ধে পথচারীদের অনেক সময় নাকে রুমাল চেপে চলতে হয়। ভেজাল মেশানোর পর প্রকাশ্যেই সেগুলো বস্তায় ভরে যন্ত্রের সাহায্যে সেলাই করে দেওয়া হয়। প্রতিটি বস্তায় সেঁটে দেওয়া হয় বিভিন্ন নামের ভুয়া লেবেল।বেড়ার আমাইকোলা গ্রামের আবদুর রউফ, নাকালিয়ার সঞ্জয় ঘোষ, সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের আবু তালেবসহ বেশ কয়েকজন খামারি জানান, এক বস্তা ভুসির (৩৭ কেজি) দাম এখন ৮৪০-৮৫০ টাকা। এত দামে ভুসি কিনতে গিয়ে এমনিতেই খামারিদের চরম কষ্ট হচ্ছে। এর ওপর ভেজাল ভুসির কারণে খামারিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ভেজাল ভুসির কারণে গরুগুলো যেমন অসুস্থ হচ্ছে, তেমনি দুধ উৎপাদনও কম হচ্ছে।বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহুরুল আলম বলেন, ভেজাল ভুসি খেয়ে গরুর শারীরিক নানা সমস্যা দেখা দিচ্ছে। ভেজাল গোখাদ্যের কারণে এমনিতেই এলাকার খামারিরা ক্ষতির মধ্যে আছেন। ভেজাল বন্ধ করা না গেলে এ এলাকার সম্ভাবনাময় দুগ্ধশিল্প হুমকির মুখে পড়বে।