পাবনার বেড়া উপজেলার কাশীনাথপুর বাসস্ট্যান্ডে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে দুজন হোটেল কর্মচারী মারা গেছেন। এ ছাড়া আগুনে ১৬টি দোকান ভস্মীভূত হয়েছে।মৃত ব্যক্তিরা হলেন বেড়া উপজেলার কালিকাপুর গ্রামের রহমান শেখের ছেলে নবাব আলী (৩২) ও সুজানগর উপজেলার সৈয়দপুর গ্রামের আবদুল করিম শেখের ছেলে আবদুল জলিল (৩৮)। নবাব আলী বাকপ্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে কাশীনাথপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন বাজারের ভাই ভাই বেকারির চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বেড়া, পাবনা ও শাহাজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। যার মধ্যে বেকারি, হোটেল, মুদিখানা, সেলুন ও ফোন-ফ্যাক্সের দোকান ছিল। আগুন নেভানোর পর ভাই ভাই বেকারির পাশের ভাই ভাই হোটেলের ধ্বংসস্তূপ থেকে দমকলকর্মীরা আবদুল জলিল ও নবাব আলীর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাই ভাই বেকারি ও ভাই ভাই হোটেলে ১৮ জন কর্মী ঘুমিয়ে ছিলেন। হোটেলটি তালাবদ্ধ থাকায় আগুন লাগার পর স্থানীয় লোকজন হোটেলের পেছনের দিকের দরজা ভেঙে দিলে ১৬ জন বাইরে বের হয়ে আসেন। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।গতকাল শুক্রবার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার করে টাকা এবং ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের প্রত্যেককে দুই বান্ডেল করে ঢেউটিন দেওয়ার ঘোষণা দেয়।