বেড়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০
পাবনার বেড়া উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়িতে অগ্নিসংযোগ এবং পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গতকাল সোমবার উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নাকালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন থেকে ওই গ্রামের ইজ্জত আলীর সঙ্গে পাশের পেঁচাকোলা গ্রামের হাশেম আলীর বিরোধ চলে আসছিল। সম্প্রতি পেঁচাকোলা গ্রামের পাশে যমুনা নদীতে চর জেগে ওঠার পর তার দখল নিয়ে এই বিরোধ প্রকট আকার ধারণ করে।
গতকাল সকালে নাকালিয়া বাজারে হাশেম আলীর লোকজন ইজ্জত আলীর ভাই ফজর আলীসহ কয়েকজনকে পিটিয়ে আহত করেন। দুপুরের দিকে ইজ্জত আলীর লোকজন সংঘবদ্ধ হয়ে পেঁচাকোলা গ্রামে হাশেম আলীর পক্ষের লোকজনের ওপর হামলা চালাতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, দুই পক্ষের মধ্যে প্রভাব বিস্তার এবং যমুনা নদীর একটি অংশ থেকে মাছ ধরা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।