বেড়ায় আবারও সেচখালের পাড় ভেঙে ফসল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ছয় দিনের ব্যবধানে পাবনার বেড়া উপজেলায় আবারও সেচখালের পাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবার সেচখালের পাড় ভেঙেছে একেবারে পানি উন্নয়ন বোর্ডের বেড়া কার্যালয়ের পাশে। শনিবার রাতে আই-৩, এস-১ নামের এই সেচখালের বাম পাড় ভেঙে অন্তত ৩০ বিঘা ফসলি জমি তলিয়ে যায়, ভেসে যায় পুকুরের লক্ষাধিক টাকার মাছ।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত আটটার দিকে পাউবোর বেড়া কার্যালয়ের পাশে বনগ্রাম নামক স্থানে পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের আই-৩, এস-১ সেচখালের বাম পাড় পানির চাপে হঠাৎ করেই ভেঙে পড়ে। ভেঙে যাওয়া অংশ দিয়ে প্রবল বেগে সেচখালের পানি পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়লে অন্তত ৩০ বিঘা ফসলি জমির ওপর পাঁচ-ছয় ফুট পানি জমে যায়। সপ্তাহ দুয়েক আগে এসব জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছিল। কৃষকেরা জানান, এসব জমির ধানের চারা নষ্ট হয়ে যাবে। এ ছাড়া পানির তোড়ে ভেসে গেছে মৎস্য প্রকল্পের আওতাভুক্ত একটি পুকুরের লক্ষাধিক টাকার মাছ।বেড়া পৌর এলাকার বনগ্রাম মহল্লার কৃষক আবদুল মালেক বলেন, ‘আড়াই বিঘা জমিতে সপ্তাহ দুয়েক আগে বোরো ধানের আবাদ করছিল্যাম। সেচখাল ভাইঙ্গ্যা যাওয়ায় এখন আমার জমিতে কোমড় সমান পানি। এভাবে পানি জমায় ধানের সব চারা আমার শ্যাষ। নতুন কইর‌্যা জমিতে আবার ধান লাগানোর সুযোগ পাবো কি না সন্দেহ।’ সেচখালের পানির তোড়ে ভেসে গেছে একটি মৎস্য প্রকল্পের পুকুরের মাছ। মৎস্য প্রকল্পের কর্মচারী জহুরুল ইসলাম ও নিয়ামত আলী জানান, পুকুরে লক্ষাধিক টাকার মাছ ছাড়া হয়েছিল। সব মাছ ভেসে গেছে।এদিকে ভেঙে যাওয়া সেচখালের আওতাভুক্ত জোড়দহ, করমজা, চাকলা, সোমাসনারি, শহীদনগর, পাইকরহাটি, বাবুপাড়া, বরাটসহ অন্তত ২০ গ্রামের ফসলি জমিতে পানি সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত মেরামত করে সেচখালে পানি সরবরাহ শুরু না হলে এসব গ্রামের কমপক্ষে পাঁচ হাজার বিঘা জমির সদ্য রোপণ করা ধানের চারা শুকিয়ে যাবে।গত ১৯ ফেব্রুয়ারি পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের পাইকরহাটি বিশ্বাসপাড়া নামক স্থানে আই-৩, এস-১ নামের সেচখাল ভেঙে ব্যাংডাকা, বাইকচা, ধানচিলা, ভাটিপাড়া নামক চারটি বিলের ২০০ বিঘা ফসলি জমি প্লাবিত হয়।এদিকে কৃষকেরা অভিযোগ করেন, প্রতিবছর বারবার সেচখাল ভেঙে যাওয়ার ঘটনা ঘটছে। এতে ফসলের খেত প্লাবিত হয়ে ফসল যেমন নষ্ট হচ্ছে, তেমনই ভেঙে যাওয়া সেচখাল মেরামতের নামে বেশ কিছুদিন সেচ সরবরাহ বন্ধ থাকছে। অথচ প্রতিবছরই সেচখালগুলো সংস্কার ও মেরামতের নামে মোটা অঙ্কের ব্যয়ও দেখানো হচ্ছে। পাউবোর বেড়া শাখার উপবিভাগীয় প্রকৌশলী আবু তাহের মণ্ডল বলেন, ‘খালের এই অংশটি মজবুত থাকা সত্ত্বেও পানির চাপে এখানকার পাড় ভেঙে গেছে। তবে পাশেই রাস্তা ও বাঁধ থাকায় পানি খুব একটা ছড়াতে পারেনি এবং তেমন ক্ষতিও হয়নি। ইতিমধ্যে ভেঙে যাওয়া অংশে মেরামত শুরু হয়েছে। দু-একদিনের মধ্যেই মেরামত সম্পন্ন করে সেচখালে আমরা পানি সরবরাহ করতে পারব বলে আশা করছি।’