প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে পাবনার বেড়া উপজেলায় গতকাল বুধবার আরও ৯০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বেড়া বন্ধুসভার সদস্যরা দুই দফায় এসব কম্বল বিতরণ করেন।এ নিয়ে গত দুই দিনে উপজেলার ১৯০ জন শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো।প্রথম দফায় কম্বল বিতরণ করা হয় বেড়া প্রেসক্লাবে। সেখানে বেলা একটার দিকে পৌর এলাকার বিভিন্ন মহল্লার ৫০ জনের হাতে কম্বল তুলে দেওয়া হয়। পরে বন্ধুসভার সদস্যরা বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর এলাকার শেখপাড়া, দাসপাড়া, নতুনপাড়া, দক্ষিণপাড়াসহ কয়েকটি মহল্লা ঘুরে অসহায় শীতার্ত মানুষের হাতে আরও ৪০টি কম্বল তুলে দেন।কম্বল পেয়ে আনন্দিত নতুনপাড়া মহল্লার মফিজা খাতুন (৮০) বলেন, ‘শীতে খুব কাবু হয়্যা পড়ছিলাম। তুমরা কম্বলখান দিয়্যা শীতের থ্যা আমাক বাঁচাইল্যা।’ কম্বল বিতরণে অংশ নেন বেড়া বন্ধুসভার আবব্দুর রাজ্জাক, শহীদুল ইসলাম, শিখা রাহা, রত্না খাতুন, টুটুল, রাহুল, নাহিদ, ইমরুল, তুহিন, রাজিব, রকিব, ইমরান, ইয়াদ আলী, প্রথম আলোর বেড়া প্রতিনিধি বরুন রায় প্রমুখ।