বেড়ায় আর্সেনিক দূরীকরণ প্ল্যান্ট অকেজো, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রক্ষণাবেক্ষণের অভাব ও নতুন যন্ত্রাংশ স্থাপন না করায় পাবনার বেড়া উপজেলায় আর্সেনিকমুক্তকরণের অধিকাংশ প্ল্যান্ট অকেজো হয়ে পড়েছে। এতে এই উপজেলার মানুষকে আর্সেনিক-মিশ্রিত পানি পান করতে হচ্ছে। এ কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে রয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫৮ শতাংশ নলকূপের পানিতে বিপজ্জনক মাত্রার আর্সেনিকের অস্তিত্ব রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনসুরুল ইসলাম জানান, নিরাপদ পানির বিকল্প ব্যবস্থা না থাকায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। উপজেলায় আর্সেনিকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, রূপপুর ও মাসুমদিয়া ইউনিয়নবাসীর জন্য আর্সেনিকমুক্ত পানি সরবরাহের কিছুটা ব্যবস্থা থাকলেও বাকি ইউনিয়নগুলোতে তা নেই। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০০ সালে জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ইউনিসেফের আর্থিক সহায়তায় একটি বেসরকারি সংস্থা উপজেলার আর্সেনিকপ্রবণ বিভিন্ন এলাকায় বেশ কিছু পিএসএফ (পুকুরের পানি বালু দিয়ে ছেঁকে বিশুদ্ধ করার পদ্ধতি), আরডব্লিউএইচ যন্ত্র (বৃষ্টির পানি সংরক্ষণ করে ব্যবহারের ব্যবস্থা), ডাগওয়েল (কুয়ার পানি নলকূপ দিয়ে তুলে ব্যবহার করার পদ্ধতি) ও চাড়ি ফিল্টার (বালু, কয়লাসহ নানা উপাদান দিয়ে পানি ছাঁকার পদ্ধতি) স্থাপন করে। প্রথম দিকে কিছুটা কাজে লাগলেও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের অভাবসহ বিভিন্ন কারণে এখন এগুলো নষ্ট হয়ে গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ২০০০ সালে ইউনিসেফের আর্থিক সহায়তায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয় আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য উপজেলার বিভিন্ন স্থানে আধুনিক ও ব্যয়বহুল ৫২টি সিডকো প্ল্যান্ট স্থাপন করে। প্রাথমিক অবস্থায় এসব প্ল্যান্ট ব্যবহার করে এলাকাবাসী খুব উপকৃত হয়েছে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেগুলো একে একে নষ্ট হতে শুরু করে। বর্তমানে এগুলোর মধ্যে কমপক্ষে ৩৫টিই নষ্ট হয়ে গেছে। যেগুলো চালু রয়েছে, সেগুলোও নষ্ট হওয়ার পথে। চালু থাকলেও এগুলোর বেশির ভাগেরই রাসায়নিক উপাদানের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেগুলো পুরোপুরি আর্সেনিক দূর করতে পারছে না। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা গেছে, প্ল্যান্টগুলোর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা পদ্ধতি জটিল ও ব্যয়বহুল। এক থেকে দুই বছর পর পর এগুলোর রাসায়নিক উপাদান পাল্টাতে হয়, যার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। যন্ত্রাংশগুলো রক্ষণাবেক্ষণ না করায় এবং মেয়াদোত্তীর্ণ রাসায়নিক উপাদান না পাল্টানোর কারণে প্ল্যান্টগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অযত্ন-অবহেলায় পড়ে থাকায় প্ল্যান্টগুলোর যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এগুলো ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বেড়া পৌরসভায় বৃষ্টির পানি সংরক্ষণ ও ব্যবহারের জন্য ৮০টি আরডব্লিউএইচ স্থাপন করেছিল। সেগুলোর সব কটিই অকেজো হয়ে পড়ে আছে। একই কার্যালয় বছর তিনেক আগে উপজেলার বিভিন্ন এলাকায় এক হাজার ২০৮টি আর্সেনিক দূরীকরণ প্ল্যান্ট সরবরাহ করেছিল। রাসায়নিক উপাদান মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় সেগুলো থেকেও আর্সেনিকমুক্ত পানি মিলছে না। দাসপাড়া মহল্লার রাহুল দাস বলেন, ‘আমাদের মহল্লায় প্ল্যান্ট স্থাপনের পর আমরা সবাই সেখান থেকে খাওয়ার পানি সংগ্রহ করতাম। কিন্তু প্রায় তিন বছর ধরে সেটি নষ্ট। এখন বাধ্য হয়ে সবাইকে আগের মতো বাড়ির নলকূপের পানি পান করতে হচ্ছে।’ চাকলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন বলেন, ‘আমার ইউনিয়নের অনেক নলকূপে আর্সেনিক রয়েছে। কিন্তু ইউনিয়নের কোথাও আর্সেনিকমুক্তকরণের তেমন কোনো যন্ত্র বসানো হয়নি। বিষয়টি দুঃখজনক।’ জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আকবর আলী বলেন, ‘প্রতিটি অকেজো প্ল্যান্ট মেরামতের জন্য লক্ষাধিক টাকা প্রয়োজন। এগুলোসহ আর্সেনিকমুক্তকরণের অন্য অকেজো যন্ত্রগুলোর জন্য মেরামত ও রাসায়নিক উপাদান বাবদ বরাদ্দ না থাকায় আমরা সেগুলো ব্যবহারের উপযোগী করতে পারছি না।’