বেড়ায় আড়াই শ বিঘা জমি নদীগর্ভে
পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাটের কাছে যমুনা নদীতে ভাঙন বেড়ে গেছে। গত ১৫ দিনে ভাঙনের কারণে এই এলাকার আড়াই শ বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। একই কারণে এলাকার ব্যবসাপ্রতিষ্ঠান, সড়ক, বাস-ট্রাক টার্মিনাল এবং ভাঙনস্থল থেকে মাত্র ৬০০ ফুট দূরে থাকা জেলা বন্যানিয়ন্ত্রণ বাঁধের অস্তিত্বও হুমকির মুখে পড়েছে।স্থানীয় লোকজন জানায়, কাজীরহাট থেকে মোহনগঞ্জ পর্যন্ত যমুনা নদীতে অসংখ্য চর জেগে ওঠায় পাটুরিয়া-বাঘাবাড়ী নৌ চ্যানেল সরু হয়ে স্রোতের বেগ বেড়ে গেছে। নদীর মূল স্রোত নগরবাড়ীর বোড়ামারা থেকে রঘুনাথপুর পর্যন্ত বেশি আঘাত করায় এ অংশে ভাঙন তীব্র হয়েছে। এই ভাঙনে সবচেয়ে হুমকির মুখে পড়েছে নগরবাড়ী ঘাট ও জেলা বন্যানিয়ন্ত্রণ বাঁধ। ভাঙনের কারণে ইতিমধ্যে নদী নগরবাড়ী বাজারের ১৫০ ফুটের মধ্যে চলে এসেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ভাঙন অব্যাহত থাকায় নগরবাড়ী বাজারের অনেক কাছে যমুনা নদী চলে এসেছে। একের পর এক ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।নগরবাড়ী ঘাট বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকুল ইসলাম বলেন, ‘নদীপারের গুদামগুলোতে কমপক্ষে ১০ লাখ বস্তা সার রয়েছে। ভাঙন বেড়ে যাওয়ায় ওই গুদামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।’পানি উন্নয়ন বোর্ড বেড়া শাখার নির্বাহী প্রকৌশলী কামরুন্নেছা পিইঞ্জ ভাঙন বেড়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।