বেড়ায় কুকুরের কামড়ে আহত শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই এগুলোর কামড়ে কেউ না কেউ আহত হচ্ছে। গত দুই মাসে কুকুরের কামড়ে আহত হয়েছে শতাধিক মানুষ। সংকটের কারণে তাদের জলাতঙ্ক রোগের প্রতিষেধক দেওয়া সম্ভব হচ্ছে না।বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত দুই মাসে কুকুরের কামড়ে আহত হয়ে অর্ধশতাধিক মানুষ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এসে চিকিৎসা নিয়েছে। এ ছাড়া আহত আরও অর্ধশতাধিক মানুষ অন্যত্র চিকিৎসা নিয়েছে। গত মঙ্গলবারও নতুন পেঁচাকোলা গ্রামের জয়নাল আবদিন (৩৫) ও তলট গ্রামের প্রমাসকে (৪) কুকুরে কামড়ালে তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা কার্যালয়সহ কোথাও সরকারি প্রতিষেধক পাওয়া যাচ্ছে না। ওষুধের দোকানগুলোতে বেসরকারি কোম্পানির প্রতিষেধক মাঝেমধ্যে পাওয়া গেলেও তা চড়া দামে বিক্রি করা হচ্ছে।বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘কুকুরের কামড়ে আহত হওয়ার ঘটনা বেড়ে গেছে। আমরা আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। তবে আমাদের কাছে না থাকায় আহত ব্যক্তিদের প্রতিষেধক দিতে পারছি না। কুকুর নিধনের জন্য পৌর কর্তৃপক্ষকে তাগিদ দেওয়া হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।’বেড়া পৌর মেয়র আবদুল বাতেন বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে শিগগিরই কুকুর নিধন অভিযান শুরু করা হবে।’