বেড়ায় চার সিসা ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির দায়ে পাবনার বেড়া উপজেলার রাকশা বাজারে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চার সিসা ব্যবসায়ীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। বেড়া থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন গতকাল সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার শফিউর রহমান। তিনি নতুনভারেঙ্গা গ্রামের হেদায়েতুল নবী, আমিনুল হক, আয়নাল হক ও সোনাপদ্মা গ্রামের ফজলুর রহমান নামের চার ব্যবসায়ীকে জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহামঞ্চদ শফিউর রহমান বলেন, ‘সিসা তৈরির সঙ্গে ৩০-৩৫টি দোকান জড়িত থাকলেও আমাদের উপস্থিতি টের পেয়ে বেশির ভাগ দোকান দ্রুত বন্ধ করে দেয়। ফলে আমরা মাত্র চারজন ব্যবসায়ীকে জরিমানা করতে পেরেছি। তবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’উপজেলার নতুনভারেঙ্গা ইউনিয়নে প্রতিদিন শত শত পুরোনো ব্যাটারি ভেঙে সেগুলোর ভেতরের ছাই ও গাদ বের করা হয়। সেই গাদ ও ছাই পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অর্ধশতাধিক চুল্লিতে পুড়িয়ে সিসা তৈরি করা হয়। এ নিয়ে গত ১৪ মার্চ প্রথম আলোয় ‘সিসাচুল্লির ধোঁয়ায় বিষাক্ত যমুনাতীরের বাতাস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।