বেড়ায় ছাত্রসহ দুই ব্যক্তিকে কুপিয়ে জখম
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে গতকাল মঙ্গলবার পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্কুলছাত্রসহ দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়।জানা গেছে, বেশ কিছুদিন আগে ওই গ্রাম দুটির কয়েকজনের মধ্যে মারামারি হয়। এর পর থেকেই উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে জগন্নাথপুর গ্রামের কয়েকজন ব্যক্তি হাটুরিয়া গ্রামের হাসমত নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। এরপর হাটুরিয়া গ্রামের লোকজন একত্র হয়ে পার্শ্ববর্তী নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে আসা জগন্নাথপুর গ্রামের ছাত্র মতিউর রহমানকে এলাপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় স্কুলের পরীক্ষার্থীরা আতঙ্কে কান্নাকাটি করতে থাকে। গুরুতর আহত হাসমত ও মতিউরকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দুই গ্রামের লোকজনের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ হায়দার বলেন, হামলার সময় স্কুলে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল। একটা পর্যন্ত পরীক্ষা চলার কথা থাকলেও হামলার কারণে ৪০ মিনিট আগেই পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।