বেড়ায় টাকা নিয়ে ভিজিডির আটা বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নে ভিজিডি কার্ডধারীদের ৫০ টাকা করে দিয়ে আটা নিতে হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্তৃপক্ষ কর হিসেবে ওই টাকা আদায় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জাতসাকিনী ইউনিয়নের ৫৭৬ জন ভিজিডি কার্ডধারীর মধ্যে স্থানীয় ইউপি কর্তৃপক্ষ ২৫ কেজি করে আটা বিতরণের উদ্যোগ নেয়। দুস্থরা আটা গ্রহণের জন্য ইউপি কার্যালয়ে এলে ইউপি কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কর বাবদ ৫০ টাকা করে দাবি করে এবং এই টাকা না দেওয়া হলে আটা দেওয়া হবে না বলে জানিয়ে দেয়। কমপক্ষে ৬২ জন কার্ডধারী ব্যক্তি টাকা দিয়ে আটা নিয়ে যান।এলাকাবাসী সূত্রে আরও জানা গেছে, বিষয়টি জানাজানি হলে বেড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টাকা না নেওয়ার জন্য জাতসাকিনী ইউপির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এতে ইউপি কর্তৃপক্ষ টাকা আদায় বন্ধ করতে বাধ্য হয়। রাজনারায়ণপুর গ্রামের ভিজিডি কার্ডধারী আলেয়া বেগম (৫০) ও মর্জিনা খাতুন (৪০) জানান, তাঁদের কাছ থেকে ৫০ টাকা করে নিয়ে আটা দেওয়া হয়েছে। ইউএনও হাসানুল মতিন বলেন, ‘এভাবে দুস্থদের কাছ থেকে টাকা আদায় মোটেও গ্রহণযোগ্য নয়। অভিযোগ পেয়ে আমি টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছি।’জাতসাকিনী ইউপির চেয়ারম্যান আবদুল গণি বলেন, ‘ইউপির সভায় সর্বসম্মতিক্রমে ৫০ টাকা করে কর আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সে অনুযায়ী কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছে। পরে উপজেলা চেয়ারম্যান ও ইউএনও নিষেধ করায় টাকা নেওয়া বন্ধ করে দেওয়া হয়। যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের টাকা ফেরত দেওয়া হবে।’