বেড়ায় ট্রাকচাপায় আবারও স্কুলছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলজার হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পাবনার বেড়া পৌর এলাকার বড়শিলা মহল্লার মোকারম হোসেনের ছেলে এবং বেড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল শনিবার পাবনা-বগুড়া মহাসড়কের ছোন্দহ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল নয়টার দিকে গোলজার বেড়া বাসস্ট্যান্ড থেকে করিমনে করে চাকলা গ্রামে তার বোনের বাড়িতে যাচ্ছিল। ছোন্দহ সেতুর কাছে পৌঁছানোর পর সে করিমন থেকে পড়ে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।
বেড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ জানান, গোলজার তাঁর বিদ্যালয় থেকে গত বছর জেএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়।
প্রসঙ্গত, বেড়া উপজেলায়, বিশেষ করে পৌর এলাকায় বেপরোয়া গতিতে ট্রাক ছুটে চলায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।