বেড়ায় ডাকাতের হামলায় একজন নিহত
পাবনার বেড়ায় গতকাল রোববার রাতে মানিক হোসেন (৪৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলার রূপপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী বলছেন, ডাকাতের হামলায় মানিক নিহত হয়েছেন। তবে নিহতের পরিবার ও স্থানীয় বিএনপির দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে রূপপুর ইউনিয়নের সন্ন্যাসীবাঁধা গ্রামে একদল ডাকাত হানা দেয়। ডাকাতেরা আবদুল আওয়াল, শুকুর মাস্টার, আলিফ হোসেনসহ কয়েকজনের বাড়িতে ঢুকে ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। পরে তারা চলে যাওয়ার সময় পাশের বাড়ির নজরুল ইসলামের ছেলে মানিক হোসেনকে বাড়ি থেকে বাইরে নিয়ে অস্ত্র দিয়ে কোপায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ডাকাতেরা তাঁর লাশ ঝোপের মধ্যে গাছের সঙ্গে বেঁধে রাখে।
বেড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজ উদ্দিনের দাবি, মানিকের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। তাঁর বাড়িতে ডাকাতদের হানা দেওয়ার কথা নয়। তাই মানিকের পরিবার ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের ধারণা, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের তীব্র জানান ও হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।
উপজেলার আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফারুক আহমেদ ‘প্রথম আলো’কে বলেন, ‘মানিক ডাকাতদের চিনে ফেলায় ডাকাতেরা তাঁকে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’