বেড়ায় দেশি টিএসপি বেশি দামে বিক্রি
প্রতি কেজি টিএসপির সরকার-নির্ধারিত দাম ২২ টাকা। কিন্তু পাবনার বেড়ার কৃষকদের দেড় গুণ দামে এই সার কিনতে হচ্ছে। বাজারে বিদেশি টিএসপির তুলনায় দেশিটার কদর বেশি। সরবরাহ কম—এই অজুহাতে খুচরা বিক্রেতারা বেশি দামে দেশি টিএসপি বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বেড়ার কৃষকেরা জানান, দেশির মতো বিদেশি টিএসপি মানসম্মত নয়। জমিতে দেশির তুলনায় বিদেশি টিএসপি প্রায় দেড় গুণ বেশি দিতে হয়। তার পরও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তবে উপজেলা কৃষি কার্যালয় বলছে, দেশি ও বিদেশি টিএসপির মধ্যে কোনো ফাঁরাক নেই।খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ২২ টাকা দরে বিদেশি টিএসপি পাওয়া যাচ্ছে। কিন্তু উপজেলার অনেক দোকানে দেশি সার মিলছে না। কোনো কোনো দোকানে মিললেও তার জন্য প্রতি কেজিতে দাম নেওয়া হচ্ছে ৩২-৩৩ টাকা।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘দেশি টিএসপি বেশি দামে বিক্রি হচ্ছে বলে কোনো অভিযোগ আমরা পাইনি। সব সারই সরকার-নির্ধারিত দামে বিক্রি হচ্ছে।’হাটুরিয়া গ্রামের কৃষক হাসমত আলী বলেন, ‘এবার চার বিঘ্যা জমিতে বোরোর আবাদ করছি। কয়েকটা সারের দোকান ঘুইর্যাও দেশি টিএসপি পাই নাই। তাই বাধ্য হয়া বিদেশি টিএসপি জমিতে দিছি। কিন্তু বিদেশি টিএসপি দেশির মতো ভালো কাজ করে না। তা ছাড়া বিদেশি টিএসপি পরিমাণে লাগে দেশির চাইতে ম্যালা বেশি।’চাকলা গ্রামের কৃষক আবদুল জলিল বলেন, ‘বিদেশি টিএসপি ২২-২৩ টাকায় পাওয়া যায়। অথচ দেশিটা ৩৩ টাকা কেজি দরে কিইন্যা জমিতে দিছি।’নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া বাসস্ট্যান্ড এলাকার একজন খুচরা সার বিক্রেতা বলেন, ‘ডিলারগের কাছে যায়া মাঝেমধ্যে দেশি টিএসপি পাওয়া যায়। কিন্তু তার জন্য তাঁরা কেজিপ্রতি ৩১-৩২ টাকা দাম রাখেন। দুই-এক টাকা লাভে আমাগরে সেই সার বেচা লাগে।’খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় সারের ডিলার রয়েছেন ১০ জন। অন্যতম সারের ডিলার ও নগরবাড়ীঘাট শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক এ এম রফিকউল্লাহ বলেন, ‘বিদেশি টিএসপির সরবরাহ পর্যাপ্ত হলেও দেশি টিএসপি পাওয়া যাচ্ছে একেবারেই কম। একেকজন ডিলারের জন্য দেশি টিএসপির বরাদ্দ মাসে আট থেকে ১০ বস্তারও কম। তার ওপর বরাদ্দ করা এই সার তুলতে হয় চট্টগ্রামে গিয়ে। এতে সারের দাম বেশি পড়লেও সরকার-নির্ধারিত দামেই তা খুচরা বিক্রেতা ও কৃষকদের মাঝে বিক্রি করা হয়।’কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় টিএসপি সারের বার্ষিক চাহিদা এক হাজার ২০৮ মেট্রিক টন। জানুয়ারিতে চাহিদা অনুযায়ী প্রায় ২০০ মেট্রিক টন টিএসপি উপজেলায় সরবরাহ পাওয়া গেছে। এর মধ্যে দেশি টিএসপি পাওয়া গেছে ৫১ দশমিক ৩ মেট্রিক টন।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার বলেন, ‘বেড়ায় টিএসপিসহ কোনো রকম সারেরই ঘাটতি নেই। বরং চাহিদার তুলনায় বাজারে সারের সরবরাহ বেশি রয়েছে। তবে দেশি টিএসপির সরবরাহ কম হলেও বিদেশি টিএসপির মাধ্যমে এই ঘাটতি পূরণ হচ্ছে। দেশি ও বিদেশি টিএসপির মধ্যে গুণগত কোনো পার্থক্য নেই। কিন্তু কোনো কোনো কৃষক মনে করেন, দেশি টিএসপিতে ভালো ফল পাওয়া যায়, যা ভুল ধারণা।’