বেড়ায় দেড় মাসে পাঁচজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ৩১ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত দেড় মাসে উপজেলায় পাঁচটি খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে অনেক। আইনশৃঙ্খলার অবনতির ফলে প্রত্যন্ত এলাকার মানুষ আতঙ্কে রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের হরিরামপুর গ্রামের যমুনাপাড়ে বস্তাবন্দী এক যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ পরে তদন্ত করে জানতে পারে, লাশটি সাঁথিয়া উপজেলার আফড়া গ্রামের আনছার আলীর ছেলে আলমামুনের। অপহরণের পর হত্যা করা হয়েছিল তাকে। ২৬ ফেব্রুয়ারি রাতে সঙ্ঘবদ্ধ ডাকাত দল নতুন ভারেঙ্গা গ্রামে তিন বাড়িতে গণডাকাতি করে। ওই রাতে ডাকাতের হাতে নিহত হন গ্রামের আবদুল বাতেন। ২৮ ফেব্রুয়ারি চরকান্দি গ্রামে মুঠোফোনের সিমকার্ড নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্য থেকে আজিমউদ্দিন নামের একজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৬ মার্চ মেয়ের জামাই ও তাঁর লোকজনের হাতে নিহত হন জাতসাকিনী গ্রামের আলম মোল্লা নামের এক ব্যক্তি। উপজেলায় সর্বশেষ খুনের ঘটনা ১৫ মার্চ বেড়া পৌর এলাকার শম্ভুপুর মহল্লায়। ওই দিন জমিজমা নিয়ে বিরোধের জেরে আশরাফুল আলম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে তাঁরই কয়েক আত্মীয়।এদিকে খুনের ঘটনা ছাড়াও গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ঘটেছে দুর্ধর্ষ চুরি ও ডাকাতির অনেকগুলো ঘটনা। অব্যাহত চুরি-ডাকাতির কারণে কোনো কোনো এলাকায় লোকজন গ্রাম ছাড়তে শুরু করেছে। কোনো স্থানে আবার এলাকাবাসী ডাকাত ঠেকাতে রাতভর পাহারাও দিচ্ছেন। নতুন ভারেঙ্গা গ্রামের হাবিবুর রহমান নামের এক কৃষক বলেন, ‘২৬ ফেব্রুয়ারি রাতে আমার বাড়িসহ গ্রামের তিন বাড়িতে ডাকাতি হয়। ডাকাতের হাতে গ্রামের একজন প্রাণও হারায়। এর পর থেকে গ্রামের সবাই ভয়ে আছে।’ মানিকহাটি গ্রামের গৃহবধূ আকলিমা খাতুন বলেন, ‘গত দুই মাসে আমাগরে গিরামে দুইটা ডাকাতির ঘটনা ঘটিছে। ডাকাইতের ভয়ে রাইতে কারো চোখেই ভালো কইর্যা ঘুম আসে না।’বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের পুরো নিয়ন্ত্রণে রয়েছে। তবে খুনসহ অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে, তা নিতান্তই বিচ্ছিন্ন ঘটনা। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে। এ ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে পুলিশের কঠোর নজরদারি রয়েছে।