বেড়ায় নির্মাণাধীন ছাদ ধসে আহত ১৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়ায় মেরিন একাডেমির নির্মাণাধীন প্যারেড গ্রাউন্ডের ধসে পড়া ছাদ l প্রথম আলো
পাবনার বেড়ায় মেরিন একাডেমির নির্মাণাধীন প্যারেড গ্রাউন্ডের ধসে পড়া ছাদ l প্রথম আলো

পাবনার বেড়া উপজেলায় নির্মাণাধীন মেরিন একাডেমির প্যারেড গ্রাউন্ডের ছাদ ধসে ১৪ জন শ্রমিক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ছাদের ঢালাই দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ত্রুটিপূর্ণভাবে নির্মাণকাজ করার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সূত্রে জানা যায়, বেড়া উপজেলার নগরবাড়ীতে ১০৬ কোটি টাকা ব্যয়ে মেরিন একাডেমি নির্মাণের কাজ শুরু হয় ২০১২ সালে। গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে নির্মাণকাজ একেবারে শেষ পর্যায়ে। গতকাল সকালে শুরু হয় প্যারেড গ্রাউন্ড গ্যালারির ছাদ ঢালাইয়ের কাজ। এতে অর্ধশতাধিক শ্রমিক কাজ করছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ করেই নির্মাণাধীন ছাদের ১০০ ফুটেরও বেশি অংশ হুড়মুড় করে ধসে পড়ে। এতে কর্মরত ১৪ জন শ্রমিক পড়ে গিয়ে ও নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে আহত হন। খবর পেয়ে প্রথমে এলাকাবাসী ও পড়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত লোকজনকে উদ্ধার করেন।
আহত লোকজনের মধ্যে নয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাবের আলী (২১), ভুট্টো মিয়া (৩৫), শাহীন মিয়া (৩০), ফজর আলী (৩০), বদর আলী (২৭), রমজান আলী (২৬), আবদুস সালাম (৩৫), সুমন মিয়া (২৮) ও আবদুর রশীদ (২৫)। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন পাবনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আসাদুজ্জামান। বেলা একটার দিকে উদ্ধার অভিযান শেষ হওয়ার পর তিনি বলেন, ‘আমরা ধ্বংসস্তূপের নিচে ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। কিন্তু সেখানে আহত বা নিহত কেউই নেই। আমরা ১৪ জনের আহত হওয়ার খবর পেয়েছি। যেভাবে ছাদ ধসে পড়েছে, তাতে বড় ধরনের বিপদ হতে পারতো। কিন্তু সৌভাগ্যবশত তেমনটি ঘটেনি।’
কাজের ঠিকাদার জিন্নাত আলী বলেন, ছাদ নয় মূলত ছাদের সাটারিংয়ের অংশ ধসে পড়েছে। ওই সময় ঢালাই দেওয়ার প্রস্তুতি চলছিল। শ্রমিকেরা ঢালাই তোলার ক্রেন বসাতে গিয়ে পদ্ধতিগত ভুল করার কারণে দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে গণপূর্ত বিভাগের পাবনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান বলেন, যে ছাদটি নির্মাণ করা হচ্ছিল তার উচ্চতা ২৫ ফুট। এত বেশি উচ্চতার জন্য ঠিকাদারের শ্রমিকেরা পদ্ধতিগত কিছুটা ভুল করায় দুর্ঘটনাটি ঘটে। তবে সেখানে নির্মাণসামগ্রীসহ বাকি সব ঠিক ছিল।