বেড়ায় নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রি চলছে
পাবনার বেড়া উপজেলায় নিষিদ্ধ গাইড ও নোটবই বিক্রি চলছে। বইয়ের দোকানগুলো কিছুটা গোপনীয়তা রেখে চালিয়ে যাচ্ছে এসব বইয়ের ব্যবসা। উপজেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও গাইড ও নোটবই কেনার জন্য শিক্ষার্থীদের উত্সাহিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি বইয়ের দোকান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ দোকান থেকেই গাইড ও নোটবই বিক্রি করা হচ্ছে। তবে বইগুলো রাখা হয়েছে আড়ালে। কোনো কোনো দোকানদার দোকানে বই না রেখে বাড়িতে নিয়ে রেখেছেন। পরিচিত ও নিরাপদ মনে হলেই গোপন স্থান অথবা বাড়ি থেকে বই নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। বইগুলোর দামও নেওয়া হচ্ছে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একটি বইয়ের দোকানদার জানান, ব্যাপক চাহিদা থাকায় গাইড ও নোটবই নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। নিষিদ্ধ হওয়ায় অন্যবারের চেয়ে প্রকাশকেরা এবার বইয়ের দাম যথেষ্ট বাড়িয়ে দিয়েছে। তিনি জানান, বইয়ের প্রয়োজন হলে প্রকাশক অথবা পাইকারি বিক্রেতাদের আগেভাগে জানাতে হচ্ছে। তারপর তাঁদের দেওয়া সময় অনুযায়ী বইগুলো আনতে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকাশক অথবা পাইকারি বিক্রেতার লোকজন দোকানে এসেও বই পৌঁছে দিয়ে যাচ্ছে। তিনি জানান, কিছুটা শঙ্কা নিয়েই বইয়ের দোকানদারেরা গাইড ও নোটবইয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে, কোনো কোনো অভিভাবক অথবা শিক্ষার্থী নিজের আগ্রহেই এসব বই কিনছে। একটি কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবক জানান, স্কুলের শিক্ষক ক্লাসে তাঁর সন্তানকে গাইড কেনার জন্য বলেছেন। এ কারণে গাইড কিনে দেওয়া হয়েছে। বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন বলেন, ‘স্কুলের পক্ষ থেকে কাউকেই গাইড অথবা নোটবই কিনতে বলা হয়নি। বরং নিষেধ করা হয়েছে। তবে কোনো শিক্ষার্থী নিজে উত্সাহিত হয়ে এসব বই কিনলে আমাদের বাঁধা দেওয়ার উপায় নেই।’বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন বলেন, ‘গাইড ও নোটবই বিক্রি না করার জন্য উপজেলার প্রতিটি বইয়ের দোকানকে বলা হয়েছে। দোকানগুলোর ওপর আমাদের কড়া নজর রয়েছে। কোনো দোকানে এসব বই বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকদেরও এ ব্যাপারে শিক্ষার্থীদের উত্সাহিত না করার জন্য কঠোরভাবে বলা হয়েছে। কোনো শিক্ষক এ ব্যাপারে উত্সাহিত করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’