বেড়ায় পরিবহন শ্রমিকের লাশ নিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়ায় সন্ত্রাসীদের হাতে নিহত ট্রাকচালক মোয়াজ্জেম হোসেন হত্যার বিচারের দাবিতে গতকাল শুক্রবার মোটর শ্রমিক ইউনিয়ন ও এলাকাবাসী লাশ নিয়ে মিছিল করেছেন। মোয়াজ্জেমের ভাই শাহীন হোসেন মিরাজুলকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছেন। পুলিশ ওহাব নামের একজনকে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী সকাল ১০টায় বেড়া পৌর এলাকায় মিছিল বের করেন। পরে ময়নাতদন্ত শেষে পাবনা থেকে মোয়াজ্জেমের লাশ তাঁর বাড়িতে আনা হলে মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা বেলা ১১টার দিকে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে এলাকার অসংখ্য বিক্ষুব্ধ মানুষ যোগ দেন। তাঁরা লাশ নিয়ে বেড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শেষে মিছিলকারীরা লাশ নিয়ে মোয়াজ্জেমের বাড়ির পাশে দক্ষিণ বনগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করেন।এদিকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু নিহত মোয়াজ্জেমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ও দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের ব্যাপারে আশ্বাস দেন। খতনার একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় আসা স্থানীয় সন্ত্রাসীদের নাচতে না দেওয়ার জের ধরে বৃহস্পতিবার বনগ্রাম দক্ষিণপাড়া মহল্লার কামরুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় কামরুলের প্রতিবেশী মোয়াজ্জেম হোসেন সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।