বেড়ায় পাউবোর নির্বাহী প্রকৌশলী দুজন!
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনার বেড়া কার্যালয়ের বদলি করা নির্বাহী প্রকৌশলী নতুন কর্মস্থলে যোগ দেননি। তিনি উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে গত বুধবার বেড়া কার্যালয়ের নতুন নির্বাহী প্রকৌশলীকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে বুধবার বেড়া পাউবোর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে।পাউবোর কার্যালয় সূত্রে জানা যায়, পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুন নেছাকে সম্প্রতি বদলি করা হয়। এ দায়িত্ব দেওয়া হয় আবদুল আউয়ালকে। কামরুন নেছা আবদুল আউয়ালের কাছে দায়িত্ব হস্তান্তর না করে বদলি আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেন। আদালত বদলির আদেশ স্থগিতের নির্দেশ দেন। এই স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করে পাউবোর প্রধান কার্যালয়। বিষয়টি এখন নিষ্পত্তির অপেক্ষায়। এদিকে পাউবোর প্রধান কার্যালয়ের নির্দেশে আবদুল আউয়াল ৫ জানুয়ারি বেড়া পাউবোর কার্যালয়ে যোগ দিয়ে দায়িত্ব পালন করতে থাকেন।বেড়া পাউবো কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, গত বুধবার সন্ধ্যার পর কামরুন নেছা ঢাকা থেকে বেড়া পাউবোর কার্যালয়ে এসে নির্বাহী প্রকৌশলীর কক্ষে গিয়ে আবদুল আউয়ালের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন। এর কিছুক্ষণ পরই আওয়ামী লীগপন্থী কয়েকজন ঠিকাদার ৩০ থেকে ৪০ জন লোক নিয়ে ওই কক্ষে উপস্থিত হয়ে কামরুন নেছার পক্ষে কথা বলতে শুরু করেন। এরপর তাঁরা নিজেদের কৃষক হিসেবে পরিচয় দিয়ে এলাকার কৃষিজমিতে পানি সরবরাহের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা সব কর্মকর্তা-কর্মচারীকে বের করে দিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আবদুল আউয়াল ঘটনাটি পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বেড়া থানা ও ইউএনওকে জানান। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তালা খুলে দেয়। আবদুল আউয়ালসহ কর্মকর্তা-কর্মচারীরা কার্যালয়ে প্রবেশ করে দাপ্তরিক কাজ শুরু করেন। এ ঘটনার পর থেকে ওই কার্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে।আবদুল আউয়াল বলেন, ‘প্রধান কার্যালয়ের নির্দেশে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি। কামরুন নেছা লোকজন নিয়ে এসে আমাকে চেয়ার থেকে উঠে যেতে বলেন। আমি উঠতে না চাইলে তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। একপর্যায়ে তাঁর সঙ্গের লোকজন আমাদের বের করে অফিসে তালা লাগিয়ে দেয়।’ পানি সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘এরই মধ্যে আমরা সেচ খালে পানি সরবরাহ করতে শুরু করেছি।’কামরুন নেছা বলেন, ‘আমাকে যেভাবে বদলি করা হয়েছে, তা পুরোপুরি অবৈধ। স্থানীয় একটি প্রভাবশালী মহলকে কোটি কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারা করতে বাধা দেওয়ায় তারা বদলির ব্যবস্থা করিয়েছে। হাইকোর্ট ওই আদেশ স্থগিত করায় আমিই এখন এ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারা অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে, তা আমি জানি না। তবে পানির দাবিতে অফিসে কৃষকদের বিক্ষোভ করতে দেখেছি।’