বেড়ায় পাটশ্রমিক ধর্মঘটের অবসান
উত্তরাঞ্চলের অন্যতম পাট ক্রয়কেন্দ্র পাবনার বেড়ায় শ্রমিক ধর্মঘটের অবসান হয়েছে। শ্রমিকদের মজুরি বাড়ানোর ব্যাপারে শ্রমিক ও ব্যবসায়ীরা সমঝোতায় পৌঁছালে গতকাল সকাল থেকে শ্রমিকেরা কাজ শুরু করেন। এতে সাত দিন ধরে স্থবির হয়ে থাকা পাট ক্রয়কেন্দ্রগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।এ ছাড়া শ্রমিক ধর্মঘটের অবসানের কারণে বাজারে পাট ব্যবসায়ীদের উপস্থিতি বেড়ে যাওয়ায় পাটের দাম মণপ্রতি ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মজুরি বাড়ানোর দাবিতে বেড়ার পাটশ্রমিকেরা ৬ সেপ্টেম্বর থেকে কর্মবিরতি পালন শুরু করেন। বুধবার রাতে পাট ব্যবসায়ী ও গুদাম মালিকেরা শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসে মজুরি বাড়ানোর ঘোষণা দেন। পাট ব্যবসায়ী ও গুদাম মালিক মিজানুর রহমান বলেন, আগে প্রতি বেলে (১৫০ কেজি) শ্রমিকদের যেখানে ৩৫ টাকা মজুরি দেওয়া হতো এখন দেওয়া হবে ৪৫ টাকা। এতে শ্রমিকেরা খুশি হয়েই কাজে যোগ দিয়েছেন। শ্রমিক ধর্মঘটের অবসান হওয়ায় গতকাল বেড়া-সাঁথিয়ার হাটবাজারে পাট ব্যবসায়ীদের উপস্থিতি বেড়ে যায়। আর এতে প্রতি মণ পাট ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রি হতে দেখা যায়।সাঁথিয়া উপজেলার কাশীনাথপুর হাটে কথা হয় বেড়ার পাট ব্যবসায়ী শামসুল হকের সঙ্গে। তিনি বলেন, ‘সাত দিন পর আমরা পাট কিনতে হাটে এলাম। গত সপ্তাহে যে পাটের দাম মণপ্রতি এক হাজার ৩০০ থেকে এক হাজার ৪০০ টাকা ছিল আজ (গতকাল) তার দাম এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫৫০ টাকা।’