বেড়ায় পৃথক সংঘর্ষে আহত ২৭, নিখোঁজ ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২৭ জন আহত ও একজন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তির পরিবারের দাবি, তাঁকে হত্যা করে নদীতে লাশ ডুবিয়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার মালদাপাড়া গ্রামে এবং গত সোমবার উপজেলার রূপগঞ্জ গ্রামে এসব সংঘর্ষ হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে মানিকনগর গ্রামের সাখাওয়াত (২৫) ও আনজেল হোসেন (২৫) নৌকায় করে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় ঘিওর গ্রামের কয়েকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা সাখাওয়াত ও আনজেলকে মারধর করেন। আনজেল যমুনায় ঝাঁপ দেন। পরে সাঁতরে চরপেঁচাকোলা গ্রামে আহতাবস্থায় আশ্রয় নেন। তবে সাখাওয়াত নিখোঁজ হন।
সাখাওয়াতের পরিবারের দাবি, তাঁকে হত্যা করে যমুনায় ডুবিয়ে দেওয়া হয়েছে। গতকাল বাড়ির লোকজন সাখাওয়াতকে খুঁজতে মালদাপাড়ায় গেলে সেখানে তাঁরা দুলাল নামের এক হামলাকারীকে পেয়ে বেধড়ক মারধর করেন। এটা দেখে দুলালের লোকজন এসে সাখাওয়াতের লোকজনের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আহত হন মানিকনগর গ্রামের শাহানুর (৪০), কামরুজ্জামান (৩০), রমজান (২০), আলামিনসহ (২৭) ছয়জন।
বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাখাওয়াতের ভাই শাহানুর আলম বলেন, ‘দুলাল, জহুরুলসহ ঘিওর গ্রামের কয়েকজন সাখাওয়াতকে হত্যা করে লাশ যমুনায় ডুবিয়ে দিয়েছে। আমার আরেক ভাই আনজেল এ ঘটনার প্রত্যক্ষদর্শী।’
এ ঘটনায় আনজেল হোসেন বাদী হয়ে জহুরুল, দুলালসহ কয়েকজনকে আসামি করে গতকাল বেড়া মডেল থানায় মামলা করেছেন।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘লাশ না পাওয়া পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না যে সাখাওয়াতকে হত্যা করা হয়েছে। তবে তাঁর খোঁজে এলাকায় মাইকিং করা হয়েছে।’
এদিকে সোমবার বিকেলে উপজেলার রূপগঞ্জ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গ্রামের মান্নান সরদারের সঙ্গে তাঁর ফুফাতো ভাই আমিরুল ইসলামের দুই বিঘা জমি নিয়ে দুই বছর ধরে মামলা চলছিল। সোমবার বিকেলে উভয় পক্ষ লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমির দখল নিতে যায়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। আমিনপুর থানার ওসি সাঈদ মাহমুদ বলেন, এ ঘটনায় দুই পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।