বেড়ায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ মেরামত শুরু
পাবনার বেড়া উপজেলার অধীন নগরে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের মেরামত শুরু করায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা কমতে শুরু করেছে। এরপরও আতঙ্কে রয়েছে বাঁধের ভেতরে বাস করা কয়েক শ পরিবার।
পাউবো সূত্রে জানা যায়, পাবনা সেচ ও পল্লি উন্নয়ন প্রকল্পের বন্যানিয়ন্ত্রণ বাঁধটি বেড়া উপজেলা থেকে শুরু হয়ে ১৫৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এ বাঁধের কারণেই পাবনা জেলার বেশির ভাগ অংশ দীর্ঘদিন ধরে বন্যামুক্ত রয়েছে। এবারের বন্যা শুরু হওয়ার পর বেড়া উপজেলার অধীন নগরে বন্যানিয়ন্ত্রণ বাঁধটি ভাঙতে থাকে। বাঁধের এই অংশ হুরাসাগর নদের পাড়ে অবস্থিত। পাঁচ-ছয় দিন আগে অধীন নগরে ১০০ মিটার অংশজুড়ে ধস দেখা দেয়।
পাউবোর বেড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুল হামিদ বলেন, ‘বাঁধের ওই অংশে নদ বেশি চওড়া হওয়ায় ঢেউয়ের আঘাত লেগেছে বেশি। এর ফলে সেখানে বাঁধের কিছু অংশ ধসে গিয়েছিল। তবে ওই অংশে বাঁশ পুঁতে বেড়া দেওয়ার কাজ প্রায় শেষ। ইতিমধ্যেই বালুর বস্তা ফেলা শুরু হয়েছে। এখন সেখানে বাঁধ ভেঙে যাওয়ার কোনো ভয় নেই।’